ক্ষতিপূরণ চেয়ে করা দুটি মামলা হাইকোর্টে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা দুটি মামলা হাইকোর্টে বদলি হচ্ছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ-সংক্রান্ত রুল মঞ্জুর করে রায় দেন। ফলে মানিকগঞ্জ আদালতে থাকা মোটরযান অর্ডিন্যান্সে ক্ষতিপূরণ চেয়ে করা ওই দুটি মামলা এখন হাইকোর্টে শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ তিনজন এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহৃদ মুনীর গত বছরের ১ অক্টোবর হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ অক্টোবর আদালত রুল দেন। গতকাল আদালত রুল মঞ্জুর (অ্যাবসোলিউট) করেন।
গতকাল আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ওই দুর্ঘটনায় মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাস মালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে করা মামলা দুটি মানিকগঞ্জ জেলা জজ আদালতে বিচারাধীন ছিল। সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে মামলা দুটি জনস্বার্থে হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে দুটি আবেদন করা হয়। হাইকোর্ট আবেদন মঞ্জুর করেছেন। এখন বেঞ্চ গঠনের পর হাইকোর্টে মামলা দুটির ওপর শুনানি শুরু হবে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তারেক-মিশুকসহ পাঁচজন নিহত হন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবারের সদস্যরা মানিকগঞ্জের জেলা জজ আদালতে মোটরযান অর্ডিন্যান্সে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। ওই মামলা দুটি হাইকোর্টে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন।
রুলে মামলা দুটি উচ্চ আদালতে কেন বদলি করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে ওই মামলার নথিপত্র তলব করা হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৩ জুলাই হাইকোর্ট রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ওই সময় আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন ও আইনজীবী সারা হোসেন। রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিকী ও শিশির মনির।
দুর্ঘটনার পর ওই বাসের চালকের বিরুদ্ধে ঘিওর থানায় করা মামলাটি বর্তমানে মানিকগঞ্জ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।