ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন এক বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকুরা পরিবহনের বিরুদ্ধে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন এক বিচারক। ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তার বাদী হয়ে গতকাল বুধবার এ মামলা করেন।ঢাকার জেলা জজ আবদুল মজিদ মামলা গ্রহণ করে ১৫ জানুয়ারি বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। গত ৩০ মে বাদী হোসনে আরার সহোদর এ এফ এম রেজাউল আমিন এবং ভাইয়ের স্ত্রী শেফরাজ পারভীন রোজিন, ভাইয়ের ছেলে তালহা তাহসিন ইয়াস, মেয়ে তৈয়েবা তাসনিম ইশরা, শেফরাজ পারভীনের বড় ভাইয়ের স্ত্রী বেবী সর্দার, মেয়ে দিলরুবা আক্তার, বড় বোন ফেরদৌসী বেগম, তাঁর ছেলে সায়েম হাসান, মেজ বোন ফাতেমার মেয়ে তাজরিয়া, গৃহকর্মী কোহিনুর ও খুশি এবং গাড়িচালক সোহেল রানা সড়ক দুর্ঘটনায় মারা যান। ওই দিন বাদীর ভাই তাঁর স্ত্রী ও অন্যদের নিয়ে একটি মাইক্রোবাসে করে রাজধানীর পান্থপথের বাসা থেকে শরীয়তপুর জেলায় বেড়ানোর উদ্দেশে রওনা হন। ঢাকা-মাওয়া সড়কের কদমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মাইক্রোবাসটিকে আঘাত করে। এতে মাইক্রোবাসটি সড়ক থেকে ১০ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থলে ১২ জনের মৃত্যু হয়।মামলায় পরিবহন প্রতিষ্ঠান সাকুরা পরিবহন (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবির, চালক তপু, নর্দান জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডিকে বিবাদী করা হয়েছে।