ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্র-কানাডায় শ্রমিকদের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসে হতাহত ব্যক্তিদের জন্য ২০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে কানাডার খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান লবলো ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান জো ফ্রেসের বিরুদ্ধে দেশটির উচ্চ আদালতে মামলা হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জেসি পেনি, দ্য চিলড্রেনস প্লেস ও ওয়ালমার্টের বিরুদ্ধেও একই ধরনের মামলা হয়েছে। কানাডার দ্য টরন্টো স্টার ও সিবিসি নিউজ এই খবর প্রকাশ করেছে।
লবলো ও জো ফ্রেসের বিরুদ্ধে গত ২২ এপ্রিল ওন্টারিও সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে অভিযোগটি নথিভুক্ত করেছে কানাডার টরন্টোর আইনি সেবাদান প্রতিষ্ঠান রোচন জেনোভা এলএলপি। রানা প্লাজা ধসে আহত শ্রমিক আরতি রানী দাস, রেহানা খাতুন, মোহাম্মদ আলাউদ্দিন ও ভুক্তভোগী এক শ্রমিক পরিবারের স্বজন কাশেম আলীর পক্ষে মামলাটি করেছে আইনি সেবাদান প্রতিষ্ঠানটি। এঁদের মধ্যে আরতির বয়স ১৯, তিনি ভবনধসে এক পা হারিয়েছেন। আর ২০ বছর বয়সী রেহানা দুটি পা-ই হারিয়েছেন রানা প্লাজা ধসে।
এদিকে দুই দেশেই মামলা কার্যকর হতে হলে আদালত থেকে সনদ পেতে হবে। অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণাদি থাকলেই কেবল বিচারক মামলা চালিয়ে নেওয়ার অনুমতি বা সনদ দেবেন। কানাডা ও যুক্তরাষ্ট্রে অনেক মামলা সনদের অভাবে স্থগিত হয়ে যায়।
কানাডায় দায়ের করা অভিযোগে ২০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এর মধ্যে নিহত ও আহত ব্যক্তিদের জন্য ১৮৫ কোটি এবং শাস্তি হিসেবে ১৫ কোটি ডলার চাওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘উল্লেখযোগ্য ও সুনির্দিষ্ট ঝুঁকি’ থাকার পরও লবলোর অঙ্গপ্রতিষ্ঠান জো ফ্রেস রানা প্লাজায় থাকা নিউ ওয়েব বটম থেকে পোশাক তৈরি করাত। এ ছাড়া অভিযোগে ব্যুরো ভেরিটাসের নামও এসেছে। কারণ, এ প্রতিষ্ঠানটি লবলোর হয়ে পোশাক কারখানা পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করত।
অবশ্য জেসি পেনি, দ্য চিলড্রেনস প্লেস ও ওয়ালমার্টের বিরুদ্ধে করা ওয়াশিংটনের মামলায় এখনো কত ক্ষতিপূরণ চাওয়া হবে, সে অঙ্ক নির্ধারিত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী জনাথন গ্রিন বাম বলেন, ক্ষতিপূরণের পরিমাণ হিসাব-নিকাশ করে আদালতে দেওয়া হবে।
দেশের পোশাক খাতের সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে ২০১৩ সালের ২৪ এপ্রিল। নয় তলা রানা প্লাজা ধসে মারা যান ভবনটিতে অবস্থিত পাঁচ পোশাক কারখানার ১ হাজার ১৩৬ জন শ্রমিক। আহত হন ১ হাজার ১৬৭ জন শ্রমিক, গুরুতর আহত ছিলেন ৮১ জন।
এদিকে, লবলো কোম্পানিজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট কেভিন গ্রোহ এক বিবৃতিতে বলেছেন, ‘দায়েরকৃত অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা আমাদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরব।’ তিনি আরও বলেন, বাংলাদেশের কর্মপরিবেশ উন্নয়নে লবলো কাজ করছে। এ ছাড়া ইতিমধ্যে রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ডে সরাসরি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে।
লবলো বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ক্রেতাদের জোট অ্যাকর্ডের সদস্যপদ শুরুতেই নিয়েছে। এমন তথ্য জানিয়ে কেভিন গ্রোহ বলেন, ‘আমাদের বিশ্বাস এই অভিযোগের প্রেক্ষিতে লবলোর নেওয়া ইতিবাচক উদ্যোগ বাধাগ্রস্ত হবে না। এমনকি অন্য ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের এ ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করবে না।’
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হয়েছে। তবে এখনো ভবনধসে হতাহতদের পুরো ক্ষতিপূরণ দেওয়া যায়নি। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নেতৃত্বাধীন রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ডে প্রয়োজনীয় ৩ কোটি ডলারের বিপরীতে জমা পড়েছে ২ কোটি ৭০ লাখ ডলার। দুই বছর পূর্ণ হওয়ার সময় এই তহবিলে চিলড্রেনস প্যালেস ২০ লাখ ও বেনেটন ১১ লাখ ডলার অর্থসহায়তা দিয়েছে।