আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবীদুল ইসলাম চৌধুরী থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ৪২২ নম্বর কক্ষে। লুটপাটে তিনি হারিয়েছেন ল্যাপটপ, ইন্টারনেট মডেম, অপটিক্যাল মাউস, হেডফোন, ব্যাগ, সিম ও তিন হাজার টাকা।
শুধু আবীদুল নন, তাঁর মতো আরও ৩১ জন শিক্ষার্থী ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে আবেদন করেছেন।
গত শুক্রবার বিকেলে শিবিরের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনার পর ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এফ রহমান ও আলাওল হলের শতাধিক কক্ষ ভাঙচুর ও লুটপাট করেন।
এফ রহমান হল সূত্র জানায়, ছাত্রলীগের কর্মীরা হলের ৫৬টি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকেন। এসব কক্ষের লকারের তালা ভেঙে লুটপাট চালান তাঁরা। হলের প্রাধ্যক্ষের নামফলক এবং তাঁর দপ্তর ও দাপ্তরিক কার্যালয়ের কাচসহ ১৩২টি কক্ষের কাচ ভাঙা হয়েছে। এই হলে গতকাল সোমবার পর্যন্ত ২১ জন শিক্ষার্থী তাঁদের জিনিস হারানোর তালিকা প্রাধ্যক্ষের কার্যালয়ে জমা দিয়েছেন।
এফ রহমান হলে লুটপাটের তদন্তে গঠিত কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন প্রথম আলোকেজানান, গতকাল পর্যন্ত শিক্ষার্থীরা খোয়া যাওয়া জিনিসপত্রের যে তালিকা জমা দিয়েছেন, তাতে ১১টি ল্যাপটপ, একটি নোটবুক, ছয়টি মুঠোফোন হারানোর কথা উল্লেখ করেছেন। এ ছাড়া টেবিল ফ্যান, কাপড়চোপড়সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র হারানোর কথা রয়েছে তালিকায়।
আলাওল হল সূত্র জানায়, এই হলের ৩২টি কক্ষের তালা ভেঙে লুটপাট চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া প্রায় ৫০টি কক্ষের জানালার কাচ ভাঙা হয়েছে।
এই হলের সেকশন কর্মকর্তা ও লুটপাটের ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যসচিব মোহাম্মদ হাশেম জানান, নয়জন শিক্ষার্থী তাঁদের হারানো জিনিসপত্রের তালিকা দিয়েছেন।
এ ছাড়া দুই শিক্ষার্থী লিখিত আবেদনে তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেছেন। সব মিলিয়ে পাঁচ শিক্ষার্থী ল্যাপটপ ও একজন ডেস্কটপ হারিয়েছেন। ল্যাপটপের পাশাপাশি ক্যামেরা হারিয়েছেন একজন। মুঠোফোন হারিয়েছে ছয়টি। পাশাপাশি নগদ টাকা, বই, ব্যাগসহ কাপড়চোপড় হারানোর অভিযোগও তালিকায় উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।
আলাওল হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক ও তদন্ত কমিটির আহ্বায়ক বখতেয়ার উদ্দিন বলেন, ‘সবাই তালিকা ও আবেদন জমা দিয়ে
দিলে আমরা তদন্ত শুরু করব। এরপর শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’