সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলে ১১ লাখ মার্কিন ডলার দেবে ইতালীয় পোশাক ব্যবসাপ্রতিষ্ঠান বেনেটন। তারা গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে। রানা প্লাজা ভবনে পোশাক কারখানা ধসে দুই বছর আগে ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। খবর এএফপি ও রয়টার্সের।
ক্ষতিপূরণ হিসেবে যে পরিমাণ অর্থ দেওয়ার জন্য বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন, তার দ্বিগুণ দেওয়া হচ্ছে বলে দাবি করেছে বেনেটন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্কো অ্যারোলদি বলেন, ‘আমরা কতটা যত্নশীল, সেটা অত্যন্ত স্পষ্ট করে দেখানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’
রানা প্লাজার কোনো কারখানা ব্যবহারের কথা বেনেটন প্রথমে অস্বীকার করেছিল। ভবনটি অনিরাপদ বলে শ্রমিক এবং স্থানীয় সাংবাদিকেরা ওই ভবন ধসে পড়ার আগেই সতর্ক করে দিয়েছিল। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য অধিকারকর্মীরা বেনেটনকে চাপ দেন। আভাজ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে অন্যান্য নামকরা পশ্চিমা পোশাক বিক্রেতাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেনেটনকে ক্ষতিপূরণ তহবিলে অর্থ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
রানা প্লাজা দুর্ঘটনায় আন্তর্জাতিক ক্ষতিপূরণ তহবিলে কী পরিমাণ অর্থ দেওয়া উচিত, তা নির্ধারণের জন্য পিডব্লিউসি নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়োগ দেয় বেনেটন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের অধীন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদনের ভিত্তিতে বিশেষজ্ঞরা রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের জন্য নির্ধারিত মোট তিন কোটি ডলারের মধ্যে বেনেটনকে পাঁচ লাখ ডলার দিতে বলেছেন।