ক্ষতিপূরণ দাবি করে তদন্ত কমিটির প্রধানসহ চারজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অসত্য ও বানোয়াট বলে অভিযোগ করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। গতকাল রোববার রেজিস্ট্রি ডাকযোগে তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদসহ চারজনের বরাবর এই নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (বিডি থাই লি.)। নোটিশে ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিডি থাই সম্পর্কে অসত্য ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে অনুরোধ করা হয়েছে। হামিদ অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে প্রতিষ্ঠানটির পক্ষে সুপ্রিম কোর্টে আইনজীবী এ কিউ এম সোহেল রানা গতকাল দুপুরে কমিটির সদস্য ইব্রাহিম খালেদ, মোহাম্মদ আবদুল বারী, তৌফিক আহম্মেদ চৌধুরী ও নিহাত কবিরের প্রতি নোটিশ পাঠানো হয়।এ ব্যাপারে এ কিউ এম সোহেল রানা প্রথম আলোকে বলেন, আইনি নোটিশে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নতুবা আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে বলা হয়, ‘খালেদ গত ৭ ও ৮ এপ্রিল এটিএন বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, একটি কোম্পানির সঙ্গে যোগসাজশে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ১৫ কোটি টাকা পাচার বা স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। ...আপনি ও আপনার সহযোগীদের এসব অসত্য, আশালীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের কারণে সামাজিক, আর্থিক ও ব্যবসায়িকভাবে কোম্পানির সুনাম ক্ষুণ্ন হয়েছে।’” সাত পৃষ্ঠার নোটিশে আরও বলা হয়, ২০০৯ সালের শুরুতে অনুমোদিত চুক্তির ভিত্তিতে মাত্র ১৩ কোটি টাকার শেয়ার/ওয়ারেন্ট (যার ব্যবহারের বিবরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সময়মতো দাখিল করা হয়েছে) ইস্যুর ব্যাপারকে টেনে এনে বর্তমান শেয়ার কেলেঙ্কারির তদন্তে অর্থ পাচারের মতো ঘটনার সঙ্গে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের নাম জড়িত করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। নোটিশের শেষাংশে বলা হয়, ‘এর কারণে নোটিশদাতা মানসিক, ব্যবসায়িক, সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার মূল্যমান ১০০ কোটি টাকা। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি টাকা পরিশোধসহ বিডি থাই সম্পর্কে রিপোর্ট প্রকাশ করার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে অনুরোধ করা গেল। অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আইনের বিধান অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।