ক্ষতিপূরণ দাবিতে রানা প্লাজার শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজার আহত শ্রমিক সালমা আক্তারের অকালমৃত্যু হওয়ায় এবং ক্ষতিপূরণের দাবিতে গতকাল প্লাজার সামনে মানববন্ধন করেন হতাহত শ্রমিকদের স্বজনেরা ।  প্রথম আলো
রানা প্লাজার আহত শ্রমিক সালমা আক্তারের অকালমৃত্যু হওয়ায় এবং ক্ষতিপূরণের দাবিতে গতকাল প্লাজার সামনে মানববন্ধন করেন হতাহত শ্রমিকদের স্বজনেরা । প্রথম আলো

রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিক সালমা আক্তারের মৃত্যুর ‘প্রতিবাদে’ ও ‘উপযুক্ত’ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দুর্ঘটনাস্থলের কাছে গতকাল মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ কর্মসূচিতে দেড় শতাধিক শ্রমিক ও তাঁদের স্বজনেরা অংশ নেন। কর্মসূচি পালনকালে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ নিখোঁজ শ্রমিকদের সন্ধান ও পরিচয় নিশ্চিত করার দাবি জানানো হয়। আহত শ্রমিক কল্পনা আক্তার সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা ভিক্ষা চাই না, আল্লাহ আমাদের মৃত্যুকূপ থেকে জান বাঁচিয়েছেন। কিন্তু আমরা এখনো অনেক অসুস্থ। চিকিৎসা চালিয়ে যাওয়া ও বেঁচে থাকার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন।’
দুর্ঘটনায় নিহত শ্রমিক খাদিজার বাবা আবু তাহের বলেন, ‘সরকারের পক্ষ থেকে সালমা কোনো ক্ষতিপূরণ পায়নি। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরেই সালমা আত্মহত্যা করতে বাধ্য হয়। এমন ভাগ্য যেন আর কোনো শ্রমিককে বরণ করতে না হয়।’ তিনি বলেন, রানা প্লাজা ধসে আহত অনেক শ্রমিক এখনো সাভারে বসবাস করেন। তাঁদের অনেকে এত দিনেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অর্থের অভাবে তাঁরা ভালো মতো চিকিৎসা করাতে পারছেন না।
মানববন্ধনে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া হলে রানা প্লাজার সামনে শ্রমিকেরা আমরণ অনশন করতে বাধ্য হবেন।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় দুজন উদ্ধারকর্মীসহ অন্তত এক হাজার ১৩৪ জন নিহত হন। আহত হন দুই হাজারের বেশি শ্রমিক।