ক্ষতিপূরণ দাবিতে হাওরের কৃষকদের মানববন্ধন
আগাম বন্যায় কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত জিরাতি কৃষক ও বর্গাচাষিরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল বুধবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় রংমহল চত্বরে ওই সমাবেশ হয়। পরে ক্ষতিপূরণের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কয়েক শ জিরাতি কৃষক ও বর্গাচাষিসহ অন্যরা অংশ নেন।
বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার সভাপতি এনামুল হক সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির। সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলার ক্ষতিগ্রস্ত জিরাতি কৃষক মো. হাদিস মিয়া, আব্দুল আউয়াল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হাওরাঞ্চলে স্থায়ী বসতি নেই কিন্তু নিজস্ব জমি আছে বা অন্যের জমি বর্গা ও পত্তন নিয়ে বোরো চাষ করে জীবিকা নির্বাহ করেন কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদী উপজেলায় এমন জিরাতি কৃষক প্রায় ৪০ হাজার রয়েছেন। তাঁরা অন্যান্য বছরের মতো এ বছরও কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা, নিকলী ও নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার বিভিন্ন হাওরে বোরো ধান আবাদ করেছিলেন।
বক্তারা আরও বলেন, আগাম বন্যায় তাঁদের স্বপ্নের সোনার ফসল তলিয়ে গেছে। জিরাতি কৃষক ও বর্গাচাষিদের বাড়ি হাওরাঞ্চলে না হওয়ায় তাঁদের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় রাখা হয়নি। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য-সহযোগিতাও তাঁরা পাননি। ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত এসব জিরাতি কৃষকেরা খাদ্য-সংকটে পড়েছেন এবং ঋণগ্রস্ত হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
মানববন্ধে বক্তারা জিরাতি কৃষকদের তালিকাভুক্ত করে অবিলম্বে সরকারি সাহায্য ও সহযোগিতার জন্য জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল প্রথম আলোয় ‘খালি হাতে ফিরছেন হাওরের জিরাতিরা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।