ক্ষতিপূরণ দিচ্ছেন না ট্যানারির মালিকেরা, সচিবকে তলব
হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায় না হওয়ায় ব্যাখ্যা জানাতে আগামী ৭ ফেব্রুয়ারি শিল্পসচিবকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, সাভারে স্থানান্তর না করা পর্যন্ত হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোতে প্রতিদিন ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছিলেন আদালত। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার দাখিল করা ব্যাংক হিসাব বিবরণীতে দেখা যায়, গত আগস্টে কারখানাগুলোর ক্ষতিপূরণের অর্থ জমা দেওয়ার পর আর জমা পড়েনি। যদিও আদালতের নির্দেশ ছিল ওই অর্থ আদায় নিশ্চিত করবেন শিল্পসচিব। এ কারণে ব্যাখ্যা জানাতে শিল্পসচিবের ব্যক্তিগত উপস্থিতি চেয়ে আবেদন করা হলে আদালত ওই আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থেকে ট্যানারি-শিল্প অন্যত্র সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। পরে কয়েক দফা ওই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।