ক্ষতিপূরণ দিতে হবে শিশু জিহাদের পরিবারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে প্রাণ হারানো শিশু জিহাদের পরিবারকে সরকারের ক্ষতিপূরণ দিতে হবে।
একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল হালিম ও সাদিয়া আরমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
রায়ের পর আবদুল হালিম বলেন, জিহাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনে দেওয়া রুল আদালত মঞ্জুর (অ্যাবসোলিউট) করেছেন। এর ফলে সরকারকে এখন জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ এবং
সরকারের কোন সংস্থা কত টাকা ক্ষতিপূরণ দেবে, তা পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির একটি পানির পাম্পের পাইপে পড়ে যায় শিশু জিহাদ। ২৩ ঘণ্টা চেষ্টার পর তার মৃত দেহ উদ্ধার করা হয়। পরদিন শিশু অধিকার রক্ষাবিষয়ক সংগঠন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী আবদুল হালিম একটি রিট আবেদন করেন। এতে জিহাদের পরিবারের জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।