চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় গেল সাত মাসে মারা গেছেন ১১ শ্রমিক। মৃত্যু অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট ইয়ার্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নগদ এক লাখ টাকার ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও শেষ পর্যন্ত একটি অপমৃত্যু মামলায় শেষ হয় ঘটনা।
সাম্প্রতিক দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, গ্যাস বিষক্রিয়া, প্লেটচাপা, ওপর থেকে পড়ে গিয়ে, দগ্ধ হয়ে এসব দুর্ঘটনা ঘটে। বেশির ভাগ ক্ষেত্রে অবহেলার কারণে মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষগুলো গরিব হওয়ায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করতে চায় না বলে জানা গেছে। ফলে অপমৃত্যু মামলার পথ বেছে নেয় পুলিশ।
সর্বশেষ গত ১৭ আগস্ট প্লেটচাপায় এম এ স্টিল নামে একটি ইয়ার্ডে উত্তম নাথ নামে এক শ্রমিক নিহত হন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এ ব্যাপারে উত্তমের বড় ভাই বলাই কুমার নাথ বলেন, ‘আমরা গরিব মানুষ। মামলা করে কী হবে! আমরা বেশ কয়েকজন মালিকের কাছে গিয়েছিলাম, তিনি ক্ষতিপূরণ দেবেন বলেছেন। এখনো তা পাইনি।’
ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ইয়ার্ডের মালিক আনোয়ার হোসেন জানান।
এর আগে ৩ এপ্রিল আরেফিন এন্টারপ্রাইজ নামে একটি ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় মারা যান চার শ্রমিক। এ ক্ষেত্রেও ক্ষতিপূরণ দিয়ে মীমাংসা করা হয়। ওই ঘটনায় নিহত জসিম উদ্দিনের শ্যালক মো. শফি বলেন, ‘ঠিক সময়ে যদি তাঁদের উদ্ধার করা যেত, তাহলে হয়তো বেঁচে যেতেন। ঘটনার পর আমরা মামলা করতে চেয়েছিলাম। পরে ক্ষতিপূরণ নিয়ে একটি মীমাংসা হয়।’
আরেফিন এন্টারপ্রাইজের মতো গ্যাস বিষক্রিয়ার আরেকটি ঘটনা ঘটে ১৪ আগস্ট, মাদার স্টিল নামে একটি ইয়ার্ডে। সর্বশেষ ঘটনাটি বিস্ফোরক অধিদপ্তর জানেই না। আরেফিনের ঘটনার পর পরিবেশ এবং বিস্ফোরক অধিদপ্তরের লোকজন ঘটনাস্থলে গেলেও কোনো দিক থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমরা গ্যাস ফ্রি সনদ দিই। এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অগ্নিনির্বাপণের জন্য এনে রাখা কার্বন ডাই-অক্সাইড সিলিন্ডার থেকে। এসব ক্ষেত্রে আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। আমরা কেবল জাহাজ গ্যাসমুক্ত কি না সেই সনদ দিয়ে থাকি।’
একই ঘটনার পর পরিবেশ অধিদপ্তর থেকেও লোকজন পরিদর্শন করেন। তাঁরাও কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বলেন, ‘ওই ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। তাই আমরা কোনো ব্যবস্থা নিইনি। এ ছাড়া এখন শিপব্রেকিং ইয়ার্ডে শিল্প মন্ত্রণালয়ের তদারকি বেশি থাকার কথা। আমরা মূলত পরিবেশগত দিকটি দেখি।’
ক্ষতিপূরণ ও অপমৃত্যু মামলা: জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। প্রতিটি দুর্ঘটনার পর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। আর মালিকপক্ষ ক্ষতিপূরণ দিয়ে ঝামেলা নিষ্পত্তি করে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, ‘প্রতিটি দুর্ঘটনার পর অপমৃত্যু মামলা হয়। যদি কেউ মনে করেন তাঁর স্বজনের মৃত্যু অবহেলাজনিত, তখন ফৌজদারি মামলা হতে পারে। তবে তাঁরা পরে আবার লেবার কোর্টে গিয়ে ক্ষতিপূরণ নিয়ে মীমাংসা করে ফেলেন। অবহেলাজনিত মামলা হয় না বললেই চলে।’
জানা গেছে, শ্রমিকের মৃত্যুর পর আইন অনুযায়ী এক লাখ টাকা করে দেওয়া হয় পরিবারকে। এ ছাড়া লাশ দাফন-কাফন এবং ক্ষেত্রবিশেষে সন্তানদের লেখাপড়া কিংবা অন্যান্য কিছু খরচও দেওয়া হয়।
বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সহসভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, ‘শ্রম আইন অনুযায়ী আমরা প্রতি পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিই। এর বাইরে আরও লাখ খানেক টাকা দেওয়া হয়।’
চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘ইয়ার্ডে দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। ইয়ার্ডগুলো নিয়মনীতি মানছে না। শ্রমিকেরা সুরক্ষা পোশাক পরেন না। দুর্ঘটনার পর কারণ জানতে চেয়ে তাদের আমরা নোটিশ দিয়েছি।’
বিভিন্ন দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায়, শ্রমিকদের গায়ে কোনো সুরক্ষা পোশাক ছিল না। গত রোববার বারআউলিয়ার এম এ স্টিল ইয়ার্ডে প্লেটচাপায় এক শ্রমিক নিহত হন। তাঁর শরীরেও কোনো সুরক্ষা পোশাক ছিল না। এ ক্ষেত্রে অবহেলাজনিত মৃত্যুর মামলা হতে পারত। কিন্তু নিহতের স্বজনেরা সেই পথে যাননি।
এ বিষয়ে ইয়ার্ডটির মালিক আনোয়ার হোসেন বলেন, ‘শ্রমিকটি সুরক্ষা পোশাক পরেনি। এরা পরতে চায় না। আমি দুর্ঘটনায় নিহত শ্রমিককে যা পাওনা, তারচেয়ে বেশি ক্ষতিপূরণ দিয়েছি।’
জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে বর্তমানে ১৪৮টি বৈধ অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রপ্রাপ্ত শিপব্রেকিং ইয়ার্ড রয়েছে। বৈধ ও অবৈধ মিলে ইয়ার্ড সংখ্যা ২০০-এর কাছাকাছি। এসব ইয়ার্ডে ৩০ হাজারের মতো শ্রমিক কর্মরত রয়েছেন।
ইয়ার্ডগুলোকে পরিবেশ অধিদপ্তরের ৫৬টি শর্ত পূরণ করে ছাড়পত্র নিতে হয়। পরিবেশ সংরক্ষণ আইন, শ্রম আইন, জাহাজভাঙা ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০১০সহ নানা আইনের আলোকে ৫৬টি শর্ত নির্ধারণ করা হয়। তার মধ্যে শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশ দূষণ রোধ ও গ্যাসমুক্ত করার আগে বিস্ফোরক অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।