ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে নিহত পোশাকশ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া আজ মঙ্গলবার থেকে শুরু হবে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল সোমবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা জানান।সফিউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর তহবিল, বিজিএমইএ ও বিদেশি ক্রেতাসহ অন্যদের দেওয়া অনুদান মিলে নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে প্রায় চার লাখ টাকা করে দেওয়া হবে। তবে যাঁদের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষা করানো হবে বলেও জানান তিনি। বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসন করতে আমরা কাজ করছি। এ ছাড়া ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে করণীয় ঠিক করতে টাস্কফোর্স কাজ করছে।’তাজরীনের শ্রমিকদের মজুরি দেওয়া প্রসঙ্গে বিজিএমইএর সভাপতি বলেন, ‘৬ ডিসেম্বরের মধ্যেই আমরা মজুরি দিয়ে দেব। তবে কাল (আজ) শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’তাজরীন ফ্যাশনসের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন ব্রিফিং করবে বিজিএমইএ। গতকাল প্রথম ব্রিফিংয়ে সমিতির সহসভাপতি (অর্থ) এস এম মান্নান জানান, আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ছাড়া বিজিএমইএ ঢাকার নিজস্ব কার্যালয় ও তাজরীন কারখানায় দুটি তথ্যকেন্দ্র খুলেছে। ঢাকার তথ্যকেন্দ্রের দায়িত্বে আছেন সমিতির অতিরিক্ত সচিব (প্রশাসন) জগলুল হায়দারসহ দুজন। যোগাযোগ: ০১৮১৭-০৪৪৬৭৭ ও ০১৮১৭-১৪২৮২৯। আশুলিয়ার তথ্যকেন্দ্রের দায়িত্বে আছেন বিজিএমইএর মিজানুর রহমান। যোগাযোগ: ০১৮১৭-০৪৫৪৪৮ ও ০১৮১৯-৫৫৮০৬৪।