ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার কারখানা কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে একটি কাগজ তৈরির কারখানায় গত সোমবার দুপুরে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। ক্ষতিপূরণের অঙ্গীকার পেয়ে মৃত শ্রমিকদের পরিবারের কেউ কোনো মামলা করেননি।

গতকাল মঙ্গলবার সকালে কারখানার ব্যবস্থাপক মোশতাক আহম্মেদ বলেন, ‘মৃত শ্রমিকদের প্রতি পরিবারকে কারখানার পক্ষ থেকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া তাঁদের পরিবারের কেউ চাকরির অবেদন করলে কর্তৃপক্ষ তাঁদের চাকরির ব্যবস্থা করবে।’

এদিকে মৃত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে মামলা না করলেও কাহালু থানা-পুলিশ সোমবার রাতেই একটি হত্যা মামলা করেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, মৃত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে আসেনি। তাই থানার এসআই নূরুল ইসলাম বাদী হয়ে কারখানার চারজনকে এজাহারভুক্ত ও কয়েকজন অজ্ঞাতনামা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঈদের ছুটির পর কারখানা চালুর জন্য সোমবার বগুড়ার কাহালুতে অবস্থিত আজাদ পাল্প অ্যান্ড পেপার মিলস কারখানার মেশিন অপারেটর হীরা (২৮), শ্রমিক আদর আলী (২৩) ও শাহাদত আলী (১৯) কারখানার চেম্বার পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান।