ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রাইমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার পোশাকশ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাইমার্ক। গতকাল শনিবার যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান এ-সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের স্বার্থরক্ষায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর আরও বেশি দায়িত্ব নেওয়া প্রয়োজন বলে যে স্লোগান উঠেছে, মূলত তার পরিপ্রেক্ষিতেই প্রাইমার্ক এ সিদ্ধান্ত নিল। প্রতিষ্ঠানটি স্বল্প মেয়াদে পুনর্বাসনের জন্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের সদস্যদের প্রায় আট কোটি টাকা দেবে।প্রাইমার্ক প্রতিশ্রুতি দিয়েছে, আগামী সপ্তাহ থেকে শ্রমিক অথবা তাঁদের স্বজনদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো শুরু করা হবে। চার হাজার শ্রমিক এই অর্থ-সহায়তা পাবেন।প্রসঙ্গত, ইউরোপের খ্যাতনামা ব্র্যান্ড প্রাইমার্কের সরবরাহকারী প্রতিষ্ঠান সিম্পল অ্যাপ্রোচের অবস্থান ছিল রানা প্লাজার তৃতীয় তলায়।প্রাইমার্কের সহযোগী সংস্থা অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুড সম্প্রতি জানিয়েছে, বছরের মাঝামাঝি সময়ে তাদের করপূর্ব মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৯৩১ কোটি টাকারও বেশি। এ থেকে প্রতিষ্ঠানটি স্বল্প মেয়াদে পুনর্বাসনের জন্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রায় আট কোটি টাকা দেবে। এবি ফুডসের প্রশাসন বিভাগের প্রধান পল লিস্টার বলেন, ‘নিশ্চয় তাঁরা খুব কষ্টে আছেন। তাঁদের স্বল্প মেয়াদেও নানা সমস্যা ছিল। আমরা প্রাথমিকভাবে তাঁদের খাবারদাবার দিয়ে সহযোগিতা করেছিলাম।’ দ্য গার্ডিয়ান।