ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এ অর্থ দেওয়ার অনুরোধ করা হয়েছে। তবে ফেলানীর বাবা-মা বলেছেন, তাঁরা আগে খুনির বিচার চান।
ভারতের মানবাধিকার কমিশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন।
বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা জাহিদ হোসেনের বরাত দিয়ে ফেলানী হত্যা মামলার আইনজীবী ও কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) এস এম আব্রাহাম লিংকন প্রথম আলোকে বলেন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি দিতে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে। ফেলানী হত্যাকাণ্ডের বিষয়ে দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হওয়ায় এ কমিশন স্বপ্রণোদিত হয়ে ছয় সপ্তাহের মধ্যে এ অর্থ পরিশোধের অনুরোধ জানিয়েছে।
আব্রাহাম লিংকন বলেন, এর মধ্য দিয়ে একটি সত্য প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হলো যে বিএসএফের হত্যার শিকার হয়েছে ফেলানী। একই সঙ্গে অমিয় ঘোষের ফৌজদারি অপরাধের দায় যে যুক্তিগ্রাহ্য তা আবার প্রমাণিত হলো। ফলে নতুন করে তাঁর বিচারের দ্বার উন্মোচিত হলো।
আব্রাহাম লিংকন প্রথম আলোকে বলেন, ফেলানীর বাবা নুরুল ইসলাম জানিয়েছেন, তিনি আগে মেয়ের হত্যার বিচার চান। অমিয় ঘোষের মৃত্যুদণ্ড চান। হত্যার বিচার টাকা দিয়ে হয় না। তিনি ক্ষতিপূরণের দাবি করেছেন। তবে তার আগে ফেলানী হত্যার বিচার হতে হবে।
ফেলানীর মা জাহানারা বেগমের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কান্নাজড়ানো কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘টাকাপয়সা চাই না। আগে বিচার চাই। ফাঁসি চাই। আমার মেয়েকে যেভাবে অমিয় ঘোষ গুলি করে হত্যা করেছে, তেমন কঠোর সাজা চাই অমিয় ঘোষের। প্রায় পাঁচ বছর থেকে অপেক্ষা করছি বিচারের জন্য। কবে ন্যায়বিচার পাব জানি না।’
এদিকে গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ভারতের মানবাধিকার কমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষায় আন্তরাষ্ট্রীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ২০১১ সালে ফেলানী হত্যার পর এ ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন ভারতের মানবাধিকার কমিশনের কাছে মৌখিক ও লিখিতভাবে বলেছিল। বিএসএফের ট্রাইব্যুনালে অমিয় ঘোষ নির্দোষ হওয়ার পর কমিশন থেকে আবারও ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
এ ছাড়া গত ৮ জুলাই আইন ও সালিস কেন্দ্রের মাধ্যমে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের নির্বাহী পরিচালক কিরীটী রায়ের কাছে ভারতের উচ্চ আদালতে মামলা করাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন ফেলানীর বাবা। পরে গত ১৪ জুলাই এ মঞ্চ ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট মামলা করে। মামলাটি আমলে নিয়ে আগামী ৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
কিরীটী রায় গতকাল প্রথম আলোকে বলেন, ভারতের মানবাধিকার কমিশন ক্ষতিপূরণ দেওয়ার যে সুপারিশ করেছে, তা সন্তোষজনক। পাশাপাশি এটি দুঃখজনকও। কেননা, এ সুপারিশে ফেলানী হত্যা নিয়ে কোনো কথা বলা হয়নি।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ফেলানী। এ ঘটনার পর বিএসএফের বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে একটি অভিযোগ গঠন করা হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন ওই আদালত। সেই রায় যথার্থ মনে না করায় বিএসএফের মহাপরিচালক রায় পুনর্বিবেচনার আদেশ দেন। দ্বিতীয় দফায় চলতি বছরের ২ জুলাই রায় পুনর্বিবেচনায় অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়।