ক্ষতিপূরণ না দিয়েই অন্যের জমিতে খাল
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা-হিসনা সংযোগ খাল খননের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন জমিতে ওই খাল খননেরও অভিযোগ উঠেছে। জনসাধারণের জমিতে খাল খননের ক্ষতিপূরণের জন্য গোলাপনগর ও ক্ষিমিড়দিয়াড় গ্রামের প্রায় ১৬০ জন কৃষক গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা যায়, ভেড়ামারার গোলাপনগর থেকে ক্ষিমিড়দিয়াড় পর্যন্ত ১২ কিলোমিটার খাল পুনঃ খননে রবিমৌসুমে মওলা ও আওড়ের বিলের দুই পাশের প্রায় ১২ হাজার একর জমিতে জলাবদ্ধতা দূর হবে এবং বোরো-আমন মৌসুমে সেচে এই পানি ব্যবহার করা যাবে। আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই খননকাজ করছে।খাল খননে গড় গভীরতা তিন মিটার, প্রস্থ গড়ে ৪০ ফুট। ডিসেম্বরের শেষ সপ্তাহে খননকাজ শুরু হয়েছে; শেষ হওয়ার কথা এপ্রিলের শেষ সপ্তাহে। ৮ এপ্রিল পর্যন্ত নয় কিলোমিটার খননের কাজ শেষ হয়েছে। এলাকাবাসীর বাঁধার মুখে বাকি খননকাজ করা যাচ্ছে না। এ কাজে ব্যয় ধরা হয়েছে চার কোটি ৪৮ লাখ টাকা। কৃষকদের লিখিত অভিযোগে জানা যায়, জমি অধিগ্রহণ না করে, কোনো নোটিশ ছাড়াই জোর করে বিএডিসি এই খাল খনন করছে। খাল কেটে পাড়েই মাটি ফেলা হয়েছে, যা বৃষ্টির পানিতে ধুয়ে আবার খালে পড়ে ভরাট হওয়ার আশঙ্কা আছে। কৃষকেরা দাবি করেন, ১৯৯২ সালে ‘জিয়া খাল’ নামে জমি অধিগ্রহণ ছাড়াই ফসলী জমিতে এলোপাতাড়ি গর্ত করা হয়েছিল। পরে খালটি পরিত্যক্ত হয়। ওই পতিত জমিতে ১৬-১৭ বছর ধরে এলাকার কৃষকেরা আবাদ করে আসছেন।সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা গেছে, ১২ কিলোমিটার খননের কোথাও মানদণ্ড (মাটি পরিমাপের ঢিবি) নেই। স্থানীয়রা অভিযোগ করেন, বেশির ভাগ স্থানেই নির্ধারিত মাপ অনুযায়ী খনন হচ্ছে না। খাল খননের সময় বাধা দিতে গেলে পুলিশের হয়রানির ভয় দেখানো হয়েছে। গোলাপনগর গ্রামের বাগগাড়ি এলাকার মনির শেখ বলেন, ‘ক্ষতিপূরণ দেওয়ার কথা বলি আমার বেকটি সম্পত্তির চারটা ঘর ভাঙি দিল। এখন আর কেউ দেখছে না।’বৃদ্ধ কহিনুর বেগম বলেন, ‘তাঁরা (ঠিকাদার) আইসি বললি তুমার ঘরবাড়ি হেটাও, তুমাদের খিসারত (ক্ষতিপূরণ) দেব। আজও খিসারত দিইনি।’ সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেন বলেন, ‘এলাকার প্রায় পাঁচ-ছয় শ বিঘা ব্যক্তিমালিকানার জমি খাল খননের আওতায় পড়েছে। কোনো ক্ষতিপূরণ না দিয়ে জোর করে ঘরবাড়ি ভেঙে এ খাল খনন করা হচ্ছে।’ঠিকাদার আতাউর রহমান বলেন, খাল খননে কোনো অনিয়ম করা হয়নি। ব্যক্তিমালিকানার জমিতেও খাল খনন করা হয়নি। পুলিশের হয়রানির ভয় দেখানোর অভিযোগও তিনি অস্বীকার করেন। অন্য ঠিকাদারেরাও একই রকম বক্তব্য দিয়ে দাবি করেন, খাসজমিতেই খাল খনন করা হচ্ছে।মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘কোনো খাল খননেই জমি অধিগ্রহণ করা হয় না। পদ্মা-হিসনা পুনঃ খাল খননেও তা করা হয়নি।’ তিনি দাবি করেন, খাসজমি ও আগের নকশা অনুসারে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের সম্মতি নিয়েই এ খাল খনন করা হচ্ছে। ব্যক্তিমালিকানার কোনো জমিতে খাল খনন করা হয়নি। তবে দেড় কিলোমিটার এলাকায় স্থানীয়রা খাল খনন করতে দিচ্ছে না। এ ব্যাপারে জমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে ৫৭ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।