ক্ষতিপূরণ না দেওয়ায় রেললাইন সম্প্রসারণ কাজের প্রতিবাদ
গোপালগঞ্জে জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে রেললাইন সম্প্রসারণের কাজ শুরুর প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। সদর উপজেলার কারারগাতী গ্রামবাসী গতকাল বুধবার এ কর্মসূচি পালন করেন।
গ্রামবাসী সূত্র জানায়, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ করেছে রেল কর্তৃপক্ষ। রেললাইন সম্প্রসারণের জন্য সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কারারগাতী মৌজার জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু জমির ক্ষতিপূরণ না দিয়ে রেললাইনের কাজ শুরু করা হয়।
এ ঘটনার প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামের শতাধিক বাসিন্দা পুলিশ লাইনসের পেছনে মানববন্ধন করেন। এ সময় তাঁরা ক্ষতিপূরণের টাকা না দিয়ে সরকার রেললাইন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মো. কাওসার বলেন, যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, এলাকার লোকজন ওই সব জমির মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। ফলে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।