ক্ষতিপূরণ না পেয়ে হিমাগারে আলুচাষিদের হামলা-ভাঙচুর
বগুড়ার দুপচাঁচিয়া বরেন্দ্র বিশেষায়িত হিমাগারে প্রান্তিক চাষিরা গত সোমবার হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আলুর বীজের ক্ষতিপূরণ না পেয়ে তাঁরা হামলা চালান। এ সময় কৃষকেরা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হিমাগারের মালিক সুরেশ আগরওয়ালা ও তাঁর স্ত্রীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, হিমাগারের লাইসেন্স এবং তাঁদের সম্পত্তির দলিল জব্দ করে। এ সময় মালিক আগামী দেড় মাসের মধ্যে দুই কিস্তিতে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিলে তাঁরা সড়কের অবরোধ তুলে নেন।চাষিরা অভিযোগ করেন, উপজেলার প্রায় তিন হাজার প্রান্তিক চাষি আগামী মৌসুমে আলু চাষের জন্য ওই হিমাগারে ১০ হাজার বস্তা বীজ আলু সংরক্ষণ করেন। মৌসুম শুরুর দুই মাস আগে কয়েকজন চাষি আগাম আবাদের জন্য হিমাগার থেকে আলু নিতে এসে দেখেন, বীজে পচন ধরেছে। এ খবর ছড়িয়ে পড়লে গত ২০ ও ২৩ সেপ্টেম্বর কৃষকেরা তাঁদের আলু নিতে হিমাগারে এসে দেখেন, প্রধান ফটক তালাবদ্ধ।এ বিষয়ে চাষিরা ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দিন নির্ধারণ করা হয়। কিন্তু ওই দিন সকালে তাঁরা হিমাগারে এসে দেখেন, প্রধান ফটকে দুর্গাপূজা উপলক্ষে হিমাগার বন্ধ থাকার কথা লিখে বিজ্ঞপ্তি ঝুলিয়েছে কর্তৃপক্ষ। এ সময় প্রধান ফটকের তালা ভেঙে হিমাগারে ঢুকে তাঁরা জানালা ও দরজা ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করলে ইউএনও ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।সুরেশ আগরওয়ালা জানান, পূজার কারণে ক্ষতিপূরণ দেওয়ার দিন নির্ধারণ করেও তা দেওয়া সম্ভব হয়নি। তবে সোমবারের নোটিশে পরে ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘হিমাগারের মালিক যেন পালাতে না পারেন, সে জন্যই পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছি।’ইউএনও সুফিয়া নাজিম বলেন, ‘কৃষকদের অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। তিনি এখনো তদন্ত রিপোর্ট দেননি। এবার মালিকপক্ষ যে আশ্বাস দিয়েছে, তা ভঙ্গ করলে মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।’