ক্ষতিপূরণ পরিশোধে দুই কারখানাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দুই কারখানাকে ক্ষতিপূরণ পরিশোধের নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত রোববার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট পরিচালক এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ গতকাল বুধবার কারখানাগুলোতে পাঠানো হয়।
কারখানা দুটি হলো সদর উপজেলার সাহেপ্রতাব বাঘহাটা এলাকার মহারানী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও পাঁচদোনা এলাকার জিএইচবি গ্লাস ওয়্যার লিমিটেড। এর মধ্যে মহারানীকে ২১ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা ও গ্লাস ওয়্যার লিমিটেডকে ৫ লাখ টাকা আগামী ১০ এপ্রিলের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পরিশোধ করতে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার অপরাধে মহারানী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ২৩ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা এবং ২০১৩ সালের ১৮ জুলাই জিএইচবি গ্লাস ওয়্যারকে ২৪ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগ। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করে। দীর্ঘ শুনানি শেষে ২২ ফেব্রুয়ারি আপিল কর্তৃপক্ষ মহারানী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে করা জরিমানার ওই আদেশের কার্যকারিতা বহাল এবং জিএইচবি গ্লাস ওয়্যারকে করা জরিমানা ৫ লাখ টাকা পুনর্নির্ধারণ করে। এরই মধ্যে মহারানী কারখানা কর্তৃপক্ষ ২ লাখ টাকা পরিশোধ করায় জরিমানার বাকি টাকা এবং জিএইচবি কারখানাকে পুনর্নির্ধারণ করা ক্ষতিপূরণের টাকা পরিশোধের সময়সীমা বেঁধে নোটিশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের জ্যেষ্ঠ কেমিস্ট আবদুস সালাম বলেন, এ কারখানা কর্তৃপক্ষের ওপর জারি করতে পরিবেশ অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।