ক্ষতিপূরণ পাবে দুর্ঘটনায় নিহত সাংবাদিকের পরিবার

দৈনিক সংবাদ-এর সাবেক বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাংলাদেশ বেভারেজকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়ে দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর বাদীর আইনজীবী মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ বাংলাদেশ বেভারেজের করা লিভ টু আপিল পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করে দিয়েছেন। তবে ক্ষতিপূরণের অর্থ পুনর্মূল্যায়নের কথা বলেছেন। ফলে বাংলাদেশ বেভারেজকে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর জানা যাবে।
২০১০ সালের ১১ মে হাইকোর্ট এক রায়ে দুই কোটি এক লাখ ৪৭ হাজার আট টাকা ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ বেভারেজকে নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশ বেভারেজ ওই বছরই লিভ টু আপিল করে। শুনানি শেষে গতকাল আদালত আদেশ দেন।
আদালতে বাংলাদেশ বেভারেজের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও রওশন আক্তারের (বাদী) পক্ষে আইনজীবী মো. খলিলুর রহমান শুনানি করেন। জানতে চাইলে আইনজীবী শেখ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, আদালত লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। ক্ষতিপূরণের ব্যাপারে আদালত বলেছেন পর্যবেক্ষণ দেবেন। পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
জানা যায়, ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের আনন্দ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সেভেনআপ, পেপসি কোলার পানীয়বোঝাই একটি ট্রাক মন্টুকে চাপা দেয়। মন্টু মাথা ও মুখমণ্ডলে আঘাত পেলে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ১৩ দিন হাসপাতালে থেকে ১৬ ডিসেম্বর মারা যান তিনি। ১৯৯১ সালের ১ জানুয়ারি মোজাম্মেল হোসেন মন্টুর স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে তিন কোটি ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে সেভেনআপ পেপসি কোলার সে সময়ের পরিবেশক বাংলাদেশ বেভারেজের জেনারেল ম্যানেজার ও ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করেন।
এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২০ মার্চ ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত এক রায়ে বাংলাদেশ বেভারেজ কোম্পানি (পেপসি কোলা) লিমিটেডকে তিন কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। রায়ে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নিম্ন আদালতের রায়ের পর ২০০৫ সালে হাইকোর্টে আপিল করে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুনানি শেষে ২০১০ সালের ১১ মে রায় দেন আদালত। রায়ের পর ওই বছরই লিভ টু আপিল করে বাংলাদেশ বেভারেজ। গতকাল আদালত এ বিষয়ে আদেশ দেন।