ক্ষতিপূরণ পেতে শক্ত অবস্থান নেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়ে ডারবান সম্মেলনে বাংলাদেশ শক্ত অবস্থান নেবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেছেন।গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন প্রসেস টুয়ার্ডস সিওপি-১৭ ইন ডারবান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন। কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আয়োজিত ওই আলোচনায় সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। আলাদা তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুরুল হান্নান খান, ভারতের সরোজ দাস ও অম্বিকা প্রসাদ নন্দ।পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে উন্নত দেশগুলোর তিন হাজার কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। কিন্তু তারা এখন পর্যন্ত মাত্র ২৫০ কোটি ডলার দিয়েছে। এই ক্ষতিপূরণ দেওয়া নিয়েও তারা লুকোচুরি করেছে। কোন দেশ কতটুকু কার্বন নিঃসরণ করছে, তার দায়ভার নিয়েও রশি টানাটানি করা হচ্ছে। আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, বিইউপির নির্বাহী পরিচালক নিলুফার বানু, সাংসদ জুনায়েদ আহমেদ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা প্রমুখ।