ক্ষতিপূরণ পেলেন আরও ২৭৯ জন জমির মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী দ্বিতীয় তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক ২৭৯ জন জমির মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
মাতারবাড়ী দ্বিতীয় ৭০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য ১ হাজার ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের বলেন, গতকাল দ্বিতীয় দফায় ২৭৯ জন জমির মালিকের মধ্যে ২৪ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর ১৭৮ জন জমির মালিকের মধ্যে ২৭ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকার চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্য জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
সিরাজুল মোস্তফা বলেন, ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকেরা একরপ্রতি প্রায় ৩৩ লাখ ৭৪ হাজার টাকা করে পেয়েছেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ১ হাজার ২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য যাঁরা জমির পাশাপাশি ঘরবাড়ি ও পেশা হারিয়েছেন, তাঁদের পুনর্বাসনের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই আদলে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা করা হবে।