ক্ষতিপূরণ পেলেন ক্ষতিগ্রস্ত ৬৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ৬৫ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার কালাবিবির দীঘির মোড়ে অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়কে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান খান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দীপক কুমার রায়, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাসুদুর রহমান।

গতকাল ৬৫ জনের হাতে ১৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এলাকার চেহারা বদলে যাবে। তিনি বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা প্রকল্প এলাকায় ভূমির মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছি। পর্যায়ক্রমে সবার হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে।’

চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য আনোয়ারার বেলচূড়া, ঝিওরী, বটতলী ও বৈরাগ এলাকার ৭৭৪ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে খাসজমি আছে ২৯১ একর।