আন্দোলনের কারণে চাকরি হারানো পোশাক খাতের ৯৮৪ শ্রমিক ক্ষতিপূরণ পেয়েছেন। একই সঙ্গে তুলে নেওয়া হচ্ছে ওই সময় তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাও।
১৪০টির বেশি দেশে ৫ কোটির বেশি শ্রমিকের প্রতিনিধিত্বকারী ইন্ডাস্ট্রিঅলের উদ্যোগে এটি সম্ভব হয়েছে বলে গত বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে সংগঠনটি।
গত বছরের ডিসেম্বর মাসে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকেরা বিশেষ করে ঢাকার সাভারের আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। ইন্ডাস্ট্রিঅল জানায়, এ সময় চাকরি হারাতে হয় হাজারো শ্রমিককে। এরপর ইন্ডাস্ট্রিঅল এবং এর সহযোগী সংগঠনগুলো বিশ্বজুড়ে এই দমননীতির বিরুদ্ধে প্রচারাভিযানে নামে। গ্লোবাল ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের (জিএফএ) ভিত্তিতে উদ্যোগ নিতে সুইডেনের তৈরি পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের প্রতি আহ্বান জানায় ইন্ডাস্ট্রিঅল। এরই পরিপ্রেক্ষিতে এইচঅ্যান্ডএম আশুলিয়ায় ছয় সরবরাহকারী প্রতিষ্ঠানকে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বরখাস্ত হওয়া শ্রমিকদের কাজে পুনর্বহাল এবং কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যবেক্ষণ কমিটির (এনএমসি) সঙ্গে যুক্ত থাকার শর্ত দেয়।
এইচঅ্যান্ডএমের শর্তের পরিপ্রেক্ষিতে গত মার্চ মাসে ছয় সরবরাহকারী আর্টিস্টিক ডিজাইন (হা-মীম গ্রুপ), উইন্ডি অ্যাপারেলস, রোজ ড্রেসেস লিমিটেড, শারমিন অ্যাপারেলস লিমিটেড, ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড, ডেক্কো ডিজাইন লিমিটেডের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠক হয়। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিও এসব বৈঠকে অংশ নেন।
আলোচনার পর বৈঠকে উপস্থিত সবাই একমত হন যে কারখানা কর্তৃপক্ষ মামলা প্রত্যাহার করে নেবে এবং আইনি প্রক্রিয়ায় থাকা অপেক্ষমাণ মামলাগুলো নিষ্পত্তির আহ্বান জানাবে। সেই সঙ্গে তারা শ্রমিকদের কাজে পুনর্বহালের উদ্যোগ নেবে। যেসব শ্রমিককে পুনর্বহাল সম্ভব হবে না, তাঁদের চাকরিচ্যুতির ক্ষতিপূরণ এবং প্রাপ্য বেতন দিয়ে দেওয়া হবে।
এইচঅ্যান্ডএমের ওই ছয় সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হওয়া ১ হাজার ৭৪ জন শ্রমিকের মধ্যে ৯৮৪ জন এরই মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন। এ ছাড়া দায়ের হওয়া সাতটি মামলার চারটিই তুলে নেওয়া হয়েছে।
ইন্ডাস্ট্রিঅলের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্প বিভাগের পরিচালক ক্রিস্টিনা হাজাগস-ক্লসেন বলেন, বহু শ্রমিকের ক্ষতিপূরণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে পারা একটি গুরুত্বপূর্ণ অর্জন।