ক্ষতিপূরণ পেলেন ২৩৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোংলা-ঘষিয়াখালী চ্যানেল পুনঃখননের সময় মোংলা ও কুমারখালী নদীর দুপাশের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে ২৩৪ জনকে প্রতি একর জমির জন্য ছয় হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রোববার বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেক ক্ষতিগ্রস্ত জমির মালিকদের হাতে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন।

২০১৩-১৪ অর্থবছর থেকে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এই নৌপথ পুনঃখননের সময় পলি অপরিকল্পিতভাবে ব্যক্তিমালিকানাধীন জমিতে ফেলা হয়। এর ফলে ফসলি জমি, চিংড়ি, কাঁকড়া ও মাছের খামার, এমনকি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হুড়কা ইউনিয়নের হুড়কা বিল ও সংলগ্ন হুড়কা গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুনির্দিষ্ট তালিকা না থাকলেও সরকারের কাছে বিভিন্ন সময়ে ক্ষতিপূরণ দাবি করে যাঁরা আবেদন করেছিলেন তাঁদের সংখ্যা প্রায় ৭০০ বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। রোববার ২৩৪ জনকে ৩৩৩ একর জমির ক্ষতিপূরণ বাবদ ২০ লাখ টাকার চেক দেওয়া হয়।
ক্ষতিপূরণের টাকা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এবং ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার।