ক্ষতিপূরণ পেলেন ৩৭ জন চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম পর্যন্ত গ্যাস পাইপলাইন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ৩৭ জন চাষিকে প্রায় ১৬ লাখ ৪৬ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে তাঁদের হাতে চেক তুলে দেন স্থানীয় সাংসদ।
‘আনোয়ারা-মহেশখালী গ্যাসলাইন সঞ্চালন পাইপলাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ’ নামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া প্রমুখ।
সাংসদ আশেক উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছায় মহেশখালীতে ছয়টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে তিনটি অঞ্চলের জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ জন্য সড়ক যোগাযোগের উন্নয়নসহ গ্যাসলাইন সম্প্রসারণের কাজ চলছে। সরকার জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তাঁদের পুনর্বাসনের পরিকল্পনাও হাতে নিয়েছে।
জেলা প্রশাসক আলী হোসেন বলেন, অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দেওয়া নিয়ে নানা জটিলতা দেখা দিচ্ছে। জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় দ্রুত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা যাচ্ছে না। আজ (মঙ্গলবার) ফসল ও লবণের ক্ষতির বিপরীতে ৩৭ ব্যক্তিকে ১৬ লাখ ৪৬ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর মাতারবাড়ীতে আরও ১০০ জনকে জমির বিপরীতে প্রায় ২০ কোটি টাকার চেক দেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসের বলেন, আনোয়ারা থেকে মহেশখালী পর্যন্ত প্রায় ৯২ কিলোমিটার দীর্ঘ এই গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।