ক্ষতিপূরণ মামলা নিষ্পত্তির আগে গ্যাসের দাম পাবে না নাইকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেংরাটিলা ও মাগুরছড়া গ্যাসক্ষেত্র দুর্ঘটনার ক্ষতিপূরণ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্স ফেনী গ্যাসক্ষেত্রের গ্যাসের দাম পাবে না। একইভাবে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাইকো বাংলাদেশে তাঁর কোনো সম্পদ বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবে না।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক নালিশি আদালত ইকসিড গতকাল সোমবার নাইকোর এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছে।

পেট্রোবাংলার সচিব ইমাম হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাইকোর ক্ষতিপূরণ মামলার চূড়ান্ত শুনানি আগামী নভেম্বরে হতে পারে। তারপরই ক্ষতিপূরণ এবং গ্যাসের দাম এ দুটো বিষয়ে ইকসিড চূড়ান্ত রায় দেবে।

২০০৩-০৪ সালেসুনামগঞ্জের টেংরাটিলা ও মাগুরছড়া গ্যাসক্ষেত্রে কূপ খননের সময় নাইকো দুর্ঘটনা ঘটায়। পরে এই দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত নাইকোকে ফেনী গ্যাসক্ষেত্রের গ্যাসের দাম পরিশোধ বন্ধ রাখে।

পেট্রোবাংলার এ দুটি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নাইকো ইকসিডে তাদের গ্যাসের দাম পরিশোধ এবং ক্ষতিপূরণের দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করে। ২০১১ সাল থেকে ইকসিডে এই দুটি বিষয় নিয়ে শুনানি চলছে।

গতকাল দেওয়া রায়ে ইকসিড এ কথাও বলেছে যে, বাংলাদেশ সরকার এবং পেট্রোবাংলার লিখিত অনুমোদন ছাড়া নাইকো বাংলাদেশে তার কোনো সম্পদ বিক্রি কিংবা হস্তান্তর করবে না মর্মে ইকসিড একটি লিখিত নিশ্চয়তাপত্র দেবে।

ফেনীর গ্যাসক্ষেত্র থেকে নাইকো যে গ্যাস সরবরাহ করছিল, তাঁর দাম হিসেবে পেট্রোবাংলার কাছে তারা প্রায় ২০০ কোটি টাকা (দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলার) পাবে।