চলচ্চিত্রকার তারেক মাসুদ, মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় করা ১৩ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৫ মে সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল বুধবার চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সড়ক পরিহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিশেষ সভায় ধর্মঘটের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি ও বিভাগীয় শ্রমিক ফেডারেশনের মহাসচিব আবদুর রহিম বক্স দুদু।
১৬ মে হাইকোর্টে ওই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতির বিষয়টি স্বীকার করে সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা রিসার্চ কমিটির তদন্তে আলোচিত ওই দুর্ঘটনার জন্য চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের কোনো দোষ পাওয়া যায়নি। প্রচলিত আইনে সড়ক দুর্ঘটনায় নিহত হলে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন কর্তৃপক্ষও সে হিসাবে ক্ষতিপূরণ দিতে রাজি।
সভায় দাবি আদায়সহ আন্দোলন সফল করতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব আলী আকবরকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাহ উদ্দিন। বক্তব্য দেন দক্ষিণবঙ্গ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রমেন মণ্ডল, ঐক্য পরিষদের নেতা এম জেনারেল ইসলাম, বাহাউদ্দিন, আলমগীর কবীর, আবু সাঈদ প্রমুখ।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজীসহ পরিবারের সদস্যরা বাদী হয়ে মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে মানিকগঞ্জ আদালতে দুটি মামলা করেন।