ক্ষতিপূরণ মামলায় বিদেশি জাহাজ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিপূরণের মামলায় উচ্চ আদালত গত বৃহস্পতিবার মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজ আটকের নির্দেশ দিয়েছেন। আমদানিকারকের দায়ের করা ক্ষতিপূরণ মামলার পরিপ্রেক্ষিতে আদালত সাইপ্রাসের পতাকাবাহী এমভি বোরা নামক ওই জাহাজ আটক করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশের কপি গতকাল রোববার মোংলা বন্দর কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। জাহাজটি বর্তমানে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় অবস্থান করছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়ার আমদানিকারক মেসার্স শেখ ব্রাদার্সের ইউক্রেন থেকে আমদানি করা প্রায় ২৮ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি বোরা নামক জাহাজটি চলতি বছরের ২ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসে। এরপর জাহাজটি চট্টগ্রাম ও মোংলা বন্দরে অবস্থানকালে ক্রেনের ধীরগতিসহ অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে পণ্য খালাসে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বিলম্ব হয়েছে।
মেসার্স শেখ ব্রাদার্সের মালিক রফিকুল ইসলাম বলেন, সাধারণত এ পরিমাণ গম দুই বন্দরে খালাস করতে সর্বোচ্চ ১০ দিন লাগার কথা। কিন্তু জাহাজটির যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় তিন মাস লেগেছে। তিনি বলেন, ‘এতে বর্তমান বাজারদরে আমার টনপ্রতি প্রায় ২৭ ডলার ক্ষতি হয়েছে। ফলে বাধ্য হয়েই গত বুধবার উচ্চ আদালতে (হাইকোর্ট) আমি ক্ষতিপূরণের দাবিতে মামলা করি।’