শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগে সিলেটের বেসরকারি হাসপাতাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসকসহ নয়জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ মামলায় বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
গতকাল সোমবার সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে শুনানি শেষে বিচারক রেজাউল করিম চৌধুরী এই সমন জারি করেন। সিলেট নগরের মিরবক্সটুলার বাসিন্দা বদরুর রহমানের ছেলে সাফী রহমান (৮) গত বছরের ১৮ জানুয়ারি বাসার দরজার হেজবল্টে চাপ লেগে ডান হাতের তর্জনিতে আঘাত পায়। তাকে বাসার পাশের সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অস্ত্রোপচার করা হয়।
মামলার আরজিতে বলা হয়, অস্ত্রোপচারের পর সাফীকে চিকিৎসকদের পরামর্শে বাসায় নিয়ে যাওয়া হয়। তিন দিন পর অস্ত্রোপচার করা অংশ ড্রেসিং করানোর জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা ভুল চিকিৎসা হয়েছে বলে জানান। অস্ত্রোপচার অংশে গ্যাংগ্রিন হওয়ায় পরবর্তী সময়ে আরেকটি হাসপাতালে নিয়ে চিকিৎসকদের পরামর্শে সাফীর আঙুল কেটে ফেলা হয়। চিকিৎসকদের অবহেলায় শিশু সাফীর জীবন হুমকি ও চিকিৎসা-ব্যয় বেড়েছে এবং শেষ পর্যন্ত তার একটি আঙুল কেটে ফেলায় অঙ্গহানি ঘটেছে।
টাকার অঙ্কে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে উল্লেখ করে গত ২৩ ফেব্রুয়ারি সিলেটের যুগ্ম জেলা জজ (দ্বিতীয়) আদালতে শিশুর বাবা বদরুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসকসহ নয়জনকে বিবাদী করা হয়। এ নয়জনের বিরুদ্ধে সমন জারি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন আদালতে মামলার শুনানিতে অংশ নেওয়া বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ তাজ উদ্দিন। ২৮ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য: ক্ষতিপূরণ মামলার পরিপ্রেক্ষিতে পরিচালক ও চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তোজাম্মেল হকের স্বাক্ষর করা লিখিত বক্তব্য গত রোববার প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে পৌঁছায়। সেই বক্তব্যে উল্লেখ করা হয়, শিশু সাফীর অস্ত্রোপচার শেষে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলেও তার অভিভাবক বন্ড সই করে বাসায় নিয়ে যান। তিন দিন পর হাসপাতালে শিশুটিকে নিয়ে এলে পরে অবস্থার অবনতির বিষয়টি চিকিৎসকদের পর্যবেক্ষণে আসে। তখন উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হলেও শিশুর অভিভাবক তা উপেক্ষা করেন। পরে মহানগর হাকিম আদালতে একটি ও সম্প্রতি আরেকটি ক্ষতিপূরণ মামলা করেছেন।