ক্ষতিপূরণ ২০ হাজার বোট ভাড়া ১০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের উদ্ধারে এগিয়ে এসেছে সাধারণ মানুষ। আহত শ্রমিকদের বাঁচিয়ে রাখতে কেউ বা দিচ্ছেন রক্ত। গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে জাতীয় শোক। জাতীয় শোকের দিনে ওই দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের বাসিন্দাদের লাশ পরিবহনে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।গত বুধবার ভবন ধসে নিহত হন উপজেলার বাউরিয়া ইউনিয়নের মো. রুবেল (৩১)। এই মৃতদেহ সাভার থেকে আম্বুলেন্সে করে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটে নিয়ে আসেন নিহতের চাচাতো ভাই আবদুল কুদ্দুস। তিনি প্রথম আলোকে বলেন, ‘কুমিরা থেকে গুপ্তছড়া পর্যন্ত ১৬ কিলোমিটার দূরত্বে লাশ পরিবহনের জন্য স্পিডবোট ভাড়া করতে চাইলে ঘাট ইজারাদারের লোকজন ১০ হাজার টাকা দাবি করেন। নির্ধারিত ১০ হাজার টাকার কম হলে তাঁরা লাশ পরিবহনে অস্বীকৃতি জানান। অন্য কোনো উপায় না থাকায় টাকা দিতে বাধ্য হই।’ স্বাভাবিক সময়ে এই পথে যাত্রীপ্রতি ভাড়া ৪০০ টাকা এবং স্পিডবোট এককভাবে (রিজার্ভ) ভাড়া নেওয়া হলেও পাঁচ হাজার টাকা দিতে হয়। জানতে চাইলে ঘাট ইজারাদার রাজা কাশেম মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘ঘাটের ব্যবস্থাপক বেশি টাকা নিয়েছে। এটা অন্যায় হয়েছে। আপনি ওদের বলুন, আমি বাড়তি টাকা ফিরিয়ে দিব।’ এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অথচ দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের বাসিন্দাদের শুধু বোটভাড়া বাবদ চলে গেছে ১০ হাজার টাকা। সাভার থেকে কুমিরা পর্যন্ত আম্বুলেন্সের ভাড়া দিতে হয়েছে সাড়ে নয় হাজার টাকা।জানা গেছে, রানা প্লাজায় চতুর্থ ও পঞ্চম তলায় অবস্থিত পোশাক কারখানা প্যান্টমের মালিক আমিনুল ইসলাম মনিরের বাড়ি সন্দ্বীপে। এই সূত্রে সন্দ্বীপের অনেক লোক এই কারখানায় কাজ করতেন।