ক্ষতিপূরণের অর্থ অপব্যবহার হয়েছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণে যে বিপুল পরিমাণ অর্থ এসেছে, তার অপব্যবহার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার রানা প্লাজায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সরকার রানা প্লাজার দুর্ঘটনাকে পুঁজি করে রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। রানা প্লাজার মতো ‘ট্র্যাজেডি’ যাতে আর না ঘটে, সে জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার হামলা-মামলা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারবিরোধীদের নাজেহাল করতে কৌশল নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, রুহুল কবির রিজভী, আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদ প্রমুখ।
এর আগে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সাভারের রানা প্লাজায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, কারও বিরুদ্ধে বলার জন্য নয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা যথাযথভাবে বণ্টিত হলে সেখানে টাকা জমা থাকার কথা ছিল না। রানা প্লাজা দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দল ওই কর্মসূচির আয়োজন করে।