তারেক-মিশুকের মৃত্যু
ক্ষতিপূরণের একটি মামলা আপিলে, অন্যটি হাইকোর্টে
তারেকের পরিবারের করা মামলায় হাইকোর্টের রায়ের পর আপিল শুনানির অপেক্ষায়। মিশুকের পরিবারের করা মামলাটি হাইকোর্টে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে দুই পরিবারের করা পৃথক দুই মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। তারেক মাসুদের পরিবারের করা মামলায় হাইকোর্ট ক্ষতিপূরণ দিতে রায় দিয়েছেন। এই রায়ের পর বাসের মালিকপক্ষ ও বাদীপক্ষ পৃথক আপিল করেছে, যা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে মিশুক মুনীরের পরিবারের পক্ষ থেকে করা ক্ষতিপূরণ মামলাটি হাইকোর্টে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। তবে এক বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতির কারণে দুটি মামলার কোনোটিরই শুনানি হয়নি বলে তাঁদের আইনজীবীরা জানিয়েছেন।
এক দশক আগে ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ ও মিশুক মুনীর। সেদিন তাঁদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গাগামী বাস ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। গুরুতর আহত হন আরও তিনজন। নিহত ব্যক্তিরা হলেন তারেক মাসুদ, মিশুক মুনীর, মাইক্রোবাসচালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী ওয়াসিম হোসেন ও জামাল হোসেন। দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি। তাঁরা কাগজের ফুল ছবির শুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন।
মামলাটি হাইকোর্টে শেষ পর্যায়ে ছিল। যেভাবে মামলাটির কার্যক্রম চলছিল, করোনার মহামারি না এলে এত দিনে নিশ্চয়ই রায় পেয়ে যেতাম।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘিওর থানায় মামলা করে। ঘটনার প্রায় ছয় বছর পর ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এক রায়ে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করেন। তাঁর আইনজীবী আবদুস সোবহান তরফদার প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেছেন। আপিল শুনানির জন্য গ্রহণ করে জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট। এর মধ্যেই কারাবন্দী অবস্থায় বাসচালক গত বছরের ১ আগস্ট মারা গেছেন।
আসামি মারা গেলে ফৌজদারি কার্যবিধির ৪৩১ ধারা অনুসারে তাঁর আপিল অ্যাবেট বা বাতিল হয়ে যাবে বলে মনে করেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হলে সে ক্ষেত্রে জরিমানা বিষয়ে আপিল চলতে পারে। কেননা, জরিমানা দণ্ডিত আসামির (মৃত) রেখে যাওয়া সম্পত্তি থেকে আদায়যোগ্য। তবে এ ধরনের ক্ষেত্রে জরিমানা বিষয়ে সাধারণত আপিল লড়ার সংখ্যা খুব কম।
ক্ষতিপূরণ মামলা কোন পর্যায়ে
দুর্ঘটনার পর তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবার মানিকগঞ্জ জেলা জজ আদালতে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে পৃথক দুটি মামলা করেছিল। পরে সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে মামলা দুটি নিম্ন আদালত থেকে হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলি কাজী ২০১৩ সালের ১ অক্টোবর হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। এরপর ২০১৭ সালের ৩ ডিসেম্বর হাইকোর্ট তারেক মাসুদের পরিবারের করা ক্ষতিপূরণ মামলার রায় দেন। রায়ে তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
রায়ে বলা হয়, ওই অর্থের মধ্যে বাসের দুই অপারেটর ও এক মালিক যৌথভাবে ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৫২ টাকা দেবেন। ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দেবে ৮০ হাজার টাকা। আর বাসচালক (চুয়াডাঙ্গা ডিলাক্স) দেবেন ৩০ লাখ টাকা। মোট অর্থের মধ্যে ১০ লাখ টাকা তারেকের মা নুরুন নাহার এবং বাকি অর্থ তারেকের স্ত্রী ও ছেলেকে দিতে বলা হয়েছে। বিবাদীপক্ষকে ছয় মাসের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে বলা হয়।
দুই পরিবারের অন্যতম আইনজীবী রমজান আলী শিকদার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে বাস মালিকপক্ষ এবং বাদীপক্ষের করা পৃথক আপিল এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। অন্যদিকে মিশুক মুনীরের পরিবারের করা ক্ষতিপূরণ মামলায় হাইকোর্টে ইতিমধ্যে বাদীপক্ষের সাক্ষ্য শেষ হয়েছে। এখন বিবাদীদের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা। তবে এক বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতির কারণে আপিল বিভাগে ও হাইকোর্টে দুই মামলার শুনানি এগোয়নি।
বাসচালকের মৃত্যু ও ক্ষতিপূরণ আদায় বিষয়ে আইনজীবীরা জানান, ক্ষতিপূরণ চেয়ে করা দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ দিতে যার ওপর ডিক্রি (আদেশ) হয়, তাকে ওই অর্থ পরিশোধ করতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তি মারা গেলেও তার আইনগত উত্তরাধিকার থেকে ওই অর্থ আদায় করা যায়। বাসচালক মারা গেলেও ক্ষতিপূরণ মামলা স্বাভাবিক নিয়মে চলবে।
মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগলেও শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবেন—এমন আশা রাখেন মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলি কাজী। তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলাটি হাইকোর্টে শেষ পর্যায়ে ছিল। যেভাবে মামলাটির কার্যক্রম চলছিল, করোনার মহামারি না এলে এত দিনে নিশ্চয়ই রায় পেয়ে যেতাম।’