ক্ষতিপূরণের চেক পেলেন ১০২ জন ভূমির মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ার মগনামা এলাকায় সাবমেরিন (ডুবো যুদ্ধজাহাজ) ঘাঁটির জন্য জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ১০২ জনের মধ্যে চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে ৭ কোটি ৬৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।
পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হেনা মোস্তাফা কামাল, গিয়াস উদ্দিন, উম্মে কুলসুম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, লবণচাষি মোহাম্মদ হাশেম। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ক্যাপ্টেন জসিম উদ্দিন, কমান্ডার মনিরুজ্জামান, লে. কমান্ডার ফারুক আহমদ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর, মগনামার সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম।
সভায় পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, এখন পর্যন্ত সব জমির মালিক ক্ষতিপূরণ পাননি।
এলাকার মানুষ কোনো বাদ-প্রতিবাদ ছাড়াই সরকারকে জমি দিয়ে দিয়েছে। আগামী ১৫ দিন পর লবণ চাষ শুরু হবে। ক্ষতিগ্রস্ত মানুষকে অন্তত আগামী পাঁচ মাস লবণ চাষ করতে দেওয়ার দাবি জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশে জেলা প্রশাসক আলী হোসেন বলেন, ‘কাউকে এক টাকাও ঘুষ দেবেন না। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ তিনি বলেন, আগামী মৌসুমে লবণ চাষ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাবমেরিন ঘাঁটি স্থাপন করতে ৪৬৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ব্যক্তিমালিকানাধীন জমি ৩৩১ একর এবং খাসজমি ১৩৫ একর।