ক্ষতিপূরণের চেক পেলেন ১৭৮ জন জমির মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর মাতারবাড়ী দ্বিতীয় তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে গতকাল ক্ষতিপূরণের চেক তুলে দেন সাংসদ আশেক উল্লাহ রফিক l ছবি: প্রথম আলো
মহেশখালীর মাতারবাড়ী দ্বিতীয় তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে গতকাল ক্ষতিপূরণের চেক তুলে দেন সাংসদ আশেক উল্লাহ রফিক l ছবি: প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী দ্বিতীয় তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির বিপরীতে ১৭৮ জন জমির মালিককে ২৭ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে তাঁদের হাতে চেক তুলে দেন সাংসদ আশেক উল্লাহ রফিক।
মাতারবাড়ী দ্বিতীয় ৭০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য ১ হাজার ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমিন, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দার প্রমুখ। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু আসলাম, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, মাতারবাড়ীতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। যাতে স্থানীয় মানুষ প্রশিক্ষণ নিয়ে বিদ্যুৎ প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চলে চাকরি করার সুযোগ পান।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বিদ্যুৎ প্রকল্পের জন্য যাঁরা জমির পাশাপাশি ঘরবাড়ি ও বিভিন্ন পেশা হারিয়েছেন, তাঁদের পুর্নবাসন করা হবে। এখানে বিদ্যুৎ প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের বলেন, মাতারবাড়ীতে উত্তর পাশে ১ হাজার ২০০ একর জমির ওপর দ্বিতীয় ৭০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগ ও সিঙ্গাপুর সরকারের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠান শেষে অধিগ্রহণকৃত জমির দখলি স্বত্ব বিদ্যুৎ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিডেটের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এতে সরকারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানির পক্ষে উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলম জমি হস্তান্তর-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।