ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেছেন, আর্থিক ক্ষতিপূরণের চেয়ে তাঁর মেয়ে হত্যার ন্যায়বিচার পেলে তিনি ও তাঁর পরিবার বেশি খুশি হবেন। বিচার বিলম্বিত হওয়ায় হতাশা ব্যক্ত করে তিনি ভারত সরকারের কাছে ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানান।
গতকাল শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে নুরুল ইসলাম বলেন, ‘বিএসএফ সদস্য অমিয় ঘোষ প্রকাশ্যে আমার মেয়েকে লক্ষ্য করে গুলি করে হত্যা করছে, ওই বিএসএফ সদস্যের ফাঁসি চাই।’
গত আগস্টে ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন।
নারীর প্রতি সহিংসতা ও ফেলানী হত্যা বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মহিলা আইনজীবী সমিতি নেতারা এতে ভারতীয় সুপ্রিম কোর্টে ফেলানী হত্যার ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, বিএসএফের আদালতে ‘ন্যায়বিচার না পাওয়ায়’ ফেলানীর বাবা নুরুল ইসলাম ও সমিতির পক্ষে তিনি বাদী হয়ে হত্যার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার এবং ক্ষতিপূরণ আদায়ে ভারতের আইন ও বিচার-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বিএসএফের মহাপরিচালককে বিবাদী করে ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট মামলা দায়ের করেন। তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ জানান, ফেলানী হত্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্টে ৬ অক্টোবর শুনানির দিন ধার্য থাকলেও দিনের কার্যতালিকায় না থাকায় শুনানি হয়নি। তিনি বলেন, ‘আমরা আশা করি, আগামীতে শুনানির দিন ধার্য করা হবে এবং আমরা ফেলানি হত্যার ন্যায়বিচারসহ তার পরিবারের জন্য ক্ষতিপূরণ পাব। আমরা আশা করছি, ভারত ও বাংলাদেশের মানবাধিকার কমিশন বিষয়টি সুদৃষ্টিতে দেখবেন।’