ক্ষতিপূরণের জন্য আন্দোলনে যাচ্ছে সংগ্রাম পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ না দেওয়ায় আবার আন্দোলনে যাচ্ছে ‘টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদ’।
৭ জানুয়ারি প্রথম দফা অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তি সামনে রেখে গতকাল রোববার সকালে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় সংগ্রাম পরিষদ মতবিনিময় সভা করে। সভায় সিলেট নগরে বসবাসরত টেংরাটিলা গ্যাসক্ষেত্রের আশপাশের বাসিন্দারা হাজির হয়। ৫ জানুয়ারি সিলেট থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে ৭ জানুয়ারি টেংরাটিলায় আলোচনা সভার মাধ্যমে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
টেংরাটিলা গ্যাসক্ষেত্রে কানাডীয় কোম্পানি নাইকো গ্যাসকূপ খননকালে ২০০৫ সালের ৭ জানুয়ারি প্রথম দফা ও ২৪ জুন দ্বিতীয় দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছয় মাসের মধ্যে দুই দফা অগ্নিকাণ্ডে টেংরাটিলা, আজবপুর, খইয়াজুড়ি, শান্তিপুর ও গিরিশ নগরের ৬১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ওই পাঁচটি গ্রাম গ্যাসক্ষেত্রের চারপাশের এক কিলোমিটার এলাকায় অবস্থিত। এ ঘটনায় নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলনে নামেন স্থানীয় ব্যক্তিরা।