রানা প্লাজা ধসে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ মেলেনি। সাড়া নেই পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএরও। ফলে ক্ষতিপূরণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
গতকাল ৩১ জুলাই ছিল রানা প্লাজার ক্ষতিপূরণের জন্য তহবিলে অর্থ জমা দেওয়ার শেষ সময়। রানা প্লাজার পাঁচটি কারখানায় যেসব বিদেশি কোম্পানি পোশাক তৈরি করাত, তাদেরই এই তহবিলে অর্থ দেওয়ার জন্য বলা হয়েছিল। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন রানা প্লাজা ব্যবস্থাপনা সমন্বয় কমিটি বা রানা প্লাজা অ্যারেঞ্জমেন্ট কো-অর্ডিনেশন কমিটি ক্ষতিপূরণের জন্য প্রায় ৩২০ কোটি টাকা বা চার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দেয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, এ তহবিলে জমা পড়েছে এক কোটি ৭৭ লাখ মার্কিন ডলার বা ১৪১ কোটি টাকা।
তবে সময় শেষ হওয়ার ঠিক এক দিন আগে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের পোশাক বিক্রেতাপ্রতিষ্ঠান মাটালান। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলছে, বিপুল চাপের কারণে শেষ পর্যন্ত মাথা নত করে অর্থ দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। তবে কী পরিমাণ অর্থ দেবে, তা এখনো জানায়নি তারা।
সামগ্রিক বিষয়ে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ জোগানোর কথা থাকলেও এখন পর্যন্ত ক্রেতারা প্রয়োজনীয় অর্থ দেয়নি। তবে জার্মানি ও নেদারল্যান্ডস তাদের দেশের ক্রেতাদের ক্ষতিপূরণের অর্থ দ্রুত তহবিলে পাঠানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে।
এ প্রসঙ্গে শ্রমসচিব উল্লেখ করেন, ইতিমধ্যেই সরকার ক্ষতিগ্রস্ত লোকজনকে অর্থ দিয়েছে। কাজেই ক্রেতারা ক্ষতিপূরণ দিলে তা যাতে সমন্বিত উপায়ে হয়, সে ব্যাপারে তাদের অনুরোধ জানানো হয়েছে।
আইএলওর নেতৃত্বাধীন সমন্বয় কমিটি মনে করছে, বিদেশি ক্রেতারা প্রতিশ্রুতি পূরণ না করলেও সরকার এবং পোশাক কারখানার মালিকদের ক্ষতিপূরণ দিতে এগিয়ে আসা উচিত। এতে বিদেশি ক্রেতাদের ওপর চাপ বাড়বে।
আইএলওর নেতৃত্বাধীন সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, পর্যাপ্ত অর্থ না পাওয়ায় রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের পরিবার এবং আহত শ্রমিকদের একটি অংশকে ক্ষতিপূরণের প্রথম কিস্তির অর্থ শেষ পর্যন্ত ঈদুল ফিতরের আগে দেওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে গত মার্চে দাবিনামা বা ক্লেইম ফরম পূরণ শুরু করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত দুই হাজার ৭৬৩ জন হতাহতের পরিবারের দাবিনামা পূরণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬৬০ জন নিহত শ্রমিকের পরিবার। যদিও মোট নিহতের সংখ্যা এক হাজার ১৩৬। বর্তমানে দাবিনামাগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
আইএলওর সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, শেষ পর্যন্ত দ্রুত তাদের কাছ থেকে সাড়া না পেলে প্রধানমন্ত্রীর তহবিলের পাশাপাশি বিজিএমইএ এবং সরকারি অন্য তহবিলের মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়টির সুরাহা হতে হবে।
তবে ক্ষতিপূরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দেশি-বিদেশি একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা মনে করেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের সহায়তায় বিজিএমইএ তেমন সক্রিয় নয়। পোশাকশিল্পের মালিকেরা তাকিয়ে আছেন বিদেশি ক্রেতাদের দিকে। বিদেশি ক্রেতাদের টাকায় সহায়তা দিতেই তাঁদের বেশি আগ্রহ। কিন্তু বিজিএমইএ সক্রিয় হয়ে এগিয়ে এলে চাপ বাড়ত বিদেশি ক্রেতাদের ওপর। এতে করে তহবিলে টাকা জোগানোর ক্ষেত্রে বিদেশিরা অন্তত এখনকার চেয়ে একটু দ্রুতগতিতে সাড়া দিত।
প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের মাধ্যমে দেশের পোশাক খাতের সবচেয়ে বড় এই দুর্ঘটনা ঘটেছিল। এতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের পোশাকশিল্প প্রশ্নবিদ্ধ হয়।
আন্তর্জাতিক শ্রম সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন সূত্রে জানা যায়, রানা প্লাজার পাঁচ কারখানায় পোশাক তৈরি করাত, এমন ক্রেতাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৯। এর মধ্যে ১৫ প্রতিষ্ঠান তহবিলে অর্থ দেয়নি, কোনো প্রতিশ্রুতিও দেয়নি। বাকি যেসব ক্রেতাপ্রতিষ্ঠান দিয়েছে, তাদের বেশির ভাগেরই অর্থ পরিমাণে অল্প। একমাত্র ব্যতিক্রম প্রাইমার্ক; প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ বাবদ দিচ্ছে ৯০ লাখ ডলার। এই অর্থ দিয়ে রানা প্লাজার দ্বিতীয় তলায় থাকা নিউ ওয়েভ বটমস লিমিটেডের ৫৮০ জন শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়া হবে।