ক্ষতিপূরণের টাকা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের ক্ষতিপূরণ বাবদ আদায় করা টাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্র মাহমুদ আল জামান গত শুক্রবার ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন। সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে পৌঁছার পর আনন্দ সুপার পরিবহনের একটি বাস মাহমুদকে ধাক্কা দিলে তিনি আহত হন। এ খবর বিশ্ববিদ্যালয়ের ওই হলের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা মহাসড়ক থেকে আনন্দ সুপার পরিবহনের একটি বাস আটক করে হলের সামনে নিয়ে আসেন। সন্ধ্যায় প্রক্টর অধ্যাপক আরজু মিয়া ও ছাত্রলীগের নেতা এস এম শামীম মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হবে বলে জানিয়ে সাধারণ ছাত্রদের বাসটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ৫০ হাজার টাকায় সমঝোতা হয়। গত সোমবার মালিক পক্ষের মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এসে মাহমুদের হাতে ৪৫ হাজার টাকা তুলে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, মাহমুদ হলে ফেরার পর তার কাছ থেকে ছাত্রলীগ কর্মী মোল্লা আলমগীর হোসেন ১৮ হাজার টাকা বাদে বাকি টাকা নিয়ে নেন। পরে ওই টাকা তিনিসহ ছাত্রলীগের নেতা এস এম শামীম ও হলের তিন-চারজন নেতা-কর্মী ভাগ করে নেন বলে জানা গেছে।এ ব্যাপারে ছাত্রলীগের নেতা এস এম শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। মাহমুদ আল জামান বলেন, ‘বড় ভাইয়েরা আমাকে ১৮ হাজার টাকা দিয়ে বাকি টাকা নিয়ে নিয়েছেন।’ সহকারী প্রক্টর কবিরুল বাসার প্রথম আলোকে বলেন, ক্ষতিপূরণ দেওয়ার পরে ওই টাকা কী হয়েছে তা তাঁদের জানা নেই।