ক্ষতিপূরণের টাকা পেলেন না ৫৪ সার ডিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সিদ্ধান্তে এমওপি (মিউরেট অব পটাশ) ও ড্যাপ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সারের দাম কমানোর দীর্ঘ দুই বছর পরও ক্ষতিপূরণের টাকা বুঝে পাননি জয়পুরহাটের কালাই উপজেলার ৫৪ জন খুচরা সার ডিলার। তাঁদের গুদামে এই দুই শ্রেণীর ১২০ মেট্রিক টন সার মজুদ ছিল। দাম কমিয়ে দেওয়ায় ওই সব ডিলারের ১০ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল। তাঁরা ক্ষতিপূরণের টাকা না পেলেও বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলাররা তাঁদের গুদামে রাখা সারের ক্ষতিপূরণের টাকা ঠিকই পেয়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালের রবি মৌসুমে সরকার এমওপি ও ড্যাপ সারের দাম কমানোর ঘোষণা দেয়। সারের দাম কমানোর পর নিয়ম অনুযায়ী ডিলারের কাছে মজুদ সারের ক্ষতিপূরণ দিয়ে তা নতুন দরে বিক্রি করার কথা। সে অনুযায়ী উপজেলার বিসিআইসির ১১ জন এবং খুচরা ৫৪ জন ডিলার মজুদ থাকা সার কম দামে কৃষকের কাছে বিক্রি করেন। এরপর কম দামে বিক্রি করা সারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ডিলারদের কাছে মজুদ সারের তথ্য চাওয়া হয়। তথ্য সংগ্রহের পর বিসিআইসির ডিলারদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হলেও খুচরা ডিলারদের টাকা আজও দেওয়া হয়নি। উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদুল বারি বলেন, ‘৫৪ জন ডিলারের গুদামে ১০০ মেট্রিক টন এমওপি এবং ২০ মেট্রিক টন ড্যাপ সার মজুদ ছিল। প্রতি বস্তা এমওপিতে ৫০০ এবং ড্যাপে ১৫০ টাকা দাম কমানোর ঘোষণায় তাঁদের ১০ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি গুনতে হয়েছে। ওই সময় কৃষি বিভাগ মজুদের তথ্য নিলেও আজ পর্যন্ত তাঁরা ক্ষতিপূরণ পাননি।’ জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ দেলবর হোসেন জানান, তিনি কয়েক মাস আগে এখানে যোগ দিয়েছেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে খুচরা সার ডিলারদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার চেষ্টা করবেন।