ক্ষতিপূরণের টাকা যথেষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতিগ্রস্ত এক পাহাড়ি পরিবার পোড়া টিন দিয়ে ঝুপড়ি ঘর তুলে কোনো রকমে দিন কাটাচ্ছে। রাঙামাটির লংগদু উপজেলার মানিকজোড়ছড়া গ্রামের মূল সীমানার বাইরে ঘরটি তোলা হয়েছে। গত মঙ্গলবার সকালে তোলা ছবি l সু্প্রিয় চাকমা
ক্ষতিগ্রস্ত এক পাহাড়ি পরিবার পোড়া টিন দিয়ে ঝুপড়ি ঘর তুলে কোনো রকমে দিন কাটাচ্ছে। রাঙামাটির লংগদু উপজেলার মানিকজোড়ছড়া গ্রামের মূল সীমানার বাইরে ঘরটি তোলা হয়েছে। গত মঙ্গলবার সকালে তোলা ছবি l সু্প্রিয় চাকমা

লংগদু উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যালয় থেকে দক্ষিণ দিকে ইটের সড়ক ধরে ৪০০ গজ এগোলেই তিনটিলা গ্রাম। এই গ্রামের বাড়িগুলোর কোনোটি আগুনে পোড়া, কোনোটি ভাঙচুরের ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে। হাতে গোনা কয়েকটি বাড়ি অক্ষত রয়েছে। অগ্নিসংযোগ আর হামলার দুই মাস পরও ক্ষতিগ্রস্ত পাহাড়িরা গ্রামে ফিরে আসেনি। তাদের পুনর্বাসনের কাজ চলছে ধীরগতিতে। পাহাড়িদের দাবি, ঘর পুড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে সরকার যে টাকা বরাদ্দ করেছে, তা যথেষ্ট নয়।

পুনর্বাসন নিয়ে স্থানীয় প্রশাসন ও ক্ষতিগ্রস্ত পাহাড়িদের মধ্যে মতবিরোধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চাইছেন টাকা, কিন্তু তাঁদের চাওয়া উপেক্ষা করে প্রশাসন সব বাসিন্দাকে একই নকশার ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

গত মঙ্গলবার তিনটিলা গ্রামে গিয়ে কেবল ধ্বংসের চিহ্নই দেখা গেছে। পুড়ে যাওয়া একটি বাড়ির সামনে বসে ছিলেন মনীষা চাকমা ও সুপ্রিয়া চাকমা নামের দুই নারী। তাঁদের একজন আশ্রয় নিয়েছেন উপজেলা সদরের একটি বৌদ্ধবিহারে, অন্যজন থাকছেন এক আত্মীয়ের বাড়িতে। পুড়ে যাওয়া ভিটা দেখতে মাঝে মাঝে গ্রামে আসেন তাঁরা।

মনীষা ও সুপ্রিয়া বলেন, সরকার আশ্বাস দিয়েছে। তবু ঘরবাড়ি তৈরির কোনো উদ্যোগ দেখছেন না তাঁরা। নিজের ভিটে ছাড়া অন্য জায়গায় আর থাকতে চান না তাঁরা।

স্থানীয় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ২ জুন রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা, মানিকজোড়ছড়া ও বাত্যাপাড়া গ্রামে পাহাড়িদের দুই শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় তিনটিলা গ্রামের ৭৩টি বাড়ি সম্পূর্ণ, ৩০টি বাড়ি আংশিক পুড়ে গেছে। পুনর্বাসন প্রক্রিয়ায় ধীরগতির কারণে বাড়িঘরহারা এসব মানুষ এখনো গাছতলায়, তাঁবু ও আত্মীয়স্বজনের বাড়িতে থাকছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, লংগদুতে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ লাখ ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি ভ্যাট ১০ শতাংশ বাদ দিলে থাকে ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। এই টাকা দিয়ে ঠিকাদারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন কক্ষের ঘর নির্মাণ করে দেওয়া হবে।

বাত্যাপাড়ার ক্ষতিগ্রস্ত দেব চাকমা বলেন, দুই মাস ধরে তাঁরা গাছতলা, পরিত্যক্ত ঘর ও বিদ্যালয়ে থাকছেন। সম্প্রতি আট থেকে দশ পরিবার মিলে বাত্যাপাড়ায় শিবির তৈরি করেছেন তাঁরা। কিছুদিনের মধ্যে শিবিরে উঠবেন তাঁরা।

তিনটিলা গ্রামের ক্ষতিগ্রস্ত মনি শংকর চাকমা প্রথম আলোকে বলেন, ঘর নির্মাণের জন্য যে বরাদ্দ দেওয়া হচ্ছে, তা ক্ষতির তুলনায় অনেক কম।

গত ৩১ জুলাই রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেন ক্ষতিগ্রস্ত পাহাড়িদের পক্ষে তিনটি গ্রামের জনপ্রতিনিধি, মৌজা ও গ্রামপ্রধানেরা। এতে তাঁরা দাবি করেন, যে বরাদ্দ দেওয়া হচ্ছে, ক্ষয়ক্ষতির চেয়ে তা অত্যন্ত কম। সে জন্য বরাদ্দ বাড়ানো, ঘর নির্মাণের পরিবর্তে টাকা ও আগুনে নিহত গুণমালা চাকমার স্বজনদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা।

রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতির চেয়ে বরাদ্দ পর্যাপ্ত নয় দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের করা আবেদনটি তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন।

এদিকে লংগদুর হামলার ঘটনায় চারটি মামলায় আসামির সংখ্যা চার শর বেশি। এখন পর্যন্ত কোনো মামলারই অভিযোগপত্র দেয়নি পুলিশ। চার মামলায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান লংগদু থানার ওসি মো. মুমিনুর ইসলাম। তিনি বলেন, অনেক আসামির রাজনৈতিক পরিচয় থাকায় তাদের গ্রেপ্তার না করতে পুলিশের ওপর চাপ আছে।