বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের চূড়ান্ত তালিকা করতে গিয়ে গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা বলছেন, জমির বৈধ মালিকদের তালিকা করতে গিয়ে যেসব কাগজ চাওয়া হচ্ছে, তা অধিকাংশ ক্ষতিগ্রস্ত ব্যক্তির নেই। দু-একটি কাগজ দেখাতে না পারলেই তালিকায় নাম তোলা হচ্ছে না। জানতে চাইলে জমির বৈধ মালিক বাছাই কমিটির সমন্বয়ক দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘হয়রানি কিংবা ক্ষতিপূরণের টাকা ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে মূলত এসএ রেকর্ড ও ওয়ারিশন সনদ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বসতভিটা ও আবাদি জমির স্থায়ী ক্ষতিপূরণ দিতে দিনাজপুর জেলা প্রশাসন গত সোমবার থেকে জমির মালিকানা নির্ধারণের চূড়ান্ত তালিকা তৈরির কাজ শুরু করেছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব উল ফেরদৌস বলেন, প্রথম দিনে ৩০০ দলিল যাচাই-বাছাই করে ১৯২ জন বৈধ মালিক পাওয়া গেছে। দ্বিতীয় দিন মঙ্গলবার ৩৫২টির মধ্যে ২০৪ জন এবং তৃতীয় দিন গতকাল বুধবার ৩৪০টির মধ্যে ২৩১ জন বৈধ মালিক পাওয়া গেছে। তিনি বলেন, যাঁদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাঁদের পার্বতীপুর ভূমি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাবে। ইউএনও আরও বলেন, যাঁদের জমি নিয়ে সমস্যা আছে তাঁদের জন্য আলাদা একটি বুথ খোলা হয়েছে। যেকোনো আপত্তি কিংবা আবেদন ওই বুথে নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে এই আবেদন অনুযায়ী সমস্যার সমাধান করা হবে।ক্ষতিগ্রস্ত গ্রামবাসী বলছেন, জমির মালিকানার সমর্থনে এসএ রেকর্ডের সত্যায়িত কপি, ওয়ারিশের সনদ, কবলা দলিল, আরএস রেকর্ডের মাঠপর্চা, খাজনা-দাখিলা ও নামজারির কাগজ দেখা হচ্ছে। কিন্তু এসব কাগজ এলাকার অধিকাংশ লোকজনের কাছে নেই। তা ছাড়া দু-একটি কাগজ দিতে না পারলে তাঁরা তালিকায় নাম তুলছেন না।পাতিগ্রামের আবদুল হক অভিযোগ করেন, দলিলে শুধু নাম ভুলের কারণে তাঁর সাড়ে ১২ শতক জমির কাগজ জমা নেওয়া হয়নি। টাকা বিতরণের পর ২৭ সেপ্টেম্বর পার্বতীপুর ভূমি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। একই গ্রামের আবদুর রউফের অভিযোগ, জমির ভায়া দলিল, এসএ খতিয়ান ও ওয়ারিশন সনদ দিতে না পারলে হয়রানি করা হচ্ছে। তাঁকে ২৫ সেপ্টেম্বর পার্বতীপুর ভূমি অফিসে যেতে বলা হয়েছে। জিগাগাড়ী গ্রামের নুরুজ্জামান বলেন, বৈদ্যনাথপুর মৌজায় তাঁর ৬০ শতক জমি আছে। কিন্তু এখন পর্যন্ত নোটিশ দেওয়া হয়নি। পরে নিজের থেকে যোগাযোগ করা হলে কর্মকর্তারা আপত্তি দিতে এবং পার্বতীপুর ভূমি দপ্তরে যোগাযোগ করতে বলেছেন। বৈদ্যনাথপুর গ্রামের গিয়াস জানান, তাঁর ৩০ শতক জমি তালিকাভুক্ত করা হয়নি। এ ব্যাপারে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, যে পদ্ধতিতে জমির কাগজ যাচাই-বাছাই করা হচ্ছে, তাতে অর্ধেকেরও বেশি জমির মালিকেরা কাগজ দেখাতে পারবেন না। কমিটির সদস্যরা যেসব কাগজ চাচ্ছেন, বিশেষ করে দলিল ও এসএ রেকর্ড সংগ্রহ করা সবার পক্ষে সম্ভব নয়। তিনি দাবি করেন, জমির মালিকানা সমস্যার সমাধান পার্বতীপুর ভূমি অফিসে নয়, এখানেই করতে হবে। নইলে ২২ সেপ্টেম্বর টাকা বিতরণের সময় হট্টগোল লাগার আশঙ্কা আছে। উল্লেখ্য, বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেনের নেতৃত্বে নয়জন ইউএনও ও সহকারী কমিশনারসহ (ভূমি) অন্যান্য কর্মকর্তাদের ৮০ সদস্যের একটি দল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে জমির বৈধ মালিকদের তালিকা চূড়ান্ত করছে। ক্ষতিগ্রস্ত এলাকার ৬২৭.৭৩ একর জমি অধিগ্রহণের জন্য এক হাজার ৩৭৫ জনের দলিল যাচাই-বাছাই করা হবে। মঙ্গলবারের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ শেষ করার কথা থাকলেও আরও দুই দিন সময় বাড়িয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত যাচাই-বাছাই চলবে।ভূগর্ভস্থ খনন পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী জিগাগাড়ী, বলরামপুর, মৌপুকুর ও বাঁশপুকুরসহ ১০ গ্রামের ৬২৭.৭৩ একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে।