ক্ষতিপূরণের দাবিতে অভয়নগরে মানববন্ধন
যশোরের অভয়নগরে মধুমতি-২ ধান চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণের দাবিতে গতকাল বুধবার সকালে বিল কপালিয়ায় খেতের আইলে সমাবেশ ও মানববন্ধন করেছেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি পরিদর্শন দল গতকাল উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শন করেছে।চলতি বোরোর মৌসুমে যেসব কৃষক মধুমতি-২ ধানের বীজ ব্যবহার করেছেন, তাঁদের ধানে ব্যাপকহারে নেক ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে খেতের পর খেতের ধানের শিষ শুকিয়ে যাচ্ছে।গতকাল বুধবার সকালে শতাধিক কৃষক বিল কপালিয়ায় ক্ষতিগ্রস্ত খেতের আইলে মানববন্ধন করেন। এরপর তাঁরা এক সমাবেশ করেন। সন্তোষ কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন হরিদাস বিশ্বাস, গোবিন্দ মণ্ডল, ভবেশ হালদার, অজয় রায়, স্বপন মণ্ডল, নীলা রতন মণ্ডল প্রমুখ।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি পরিদর্শন দল গতকাল উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শন করেছে। পরিদর্শন দলের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল জলিল মৃধা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা না করে আগাম কিছু বলা ঠিক নয়। তবে প্রাথমিকভাবে নেক ব্লাস্ট রোগ বলে মনে হয়েছে। এটি একটি বীজবাহিত রোগ।’