মাগুরছড়া গ্যাসকূপে বিস্ফোরণের ১৯ বছর পূর্তিতে বন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতিপূরণ ও ঘরে ঘরে গ্যাস-সংযোগের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কমলগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা একটায় উপজেলার চৌমোহনা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক এম এ ওয়াহিদ এবং বিশ্বজিৎ রায়, প্রণীত রঞ্জন রায়, পাহাড় রক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি বাপ্পী সিং ও নারীনেত্রী শেখ মনোয়ারা।
বক্তারা বলেন, দীর্ঘ ১৯ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত আমেরিকার তেল গ্যাস উত্তোলনকারী বহুজাতিক সংস্থা অক্সিডেন্টালের কাছ থেকে বন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতিপূরণ আদায় করা যায়নি।
এর আগে বেলা ১১টায় পাহাড় রক্ষা উন্নয়ন পরিষদ ক্ষতিপূরণের দাবিতে মাগুরছড়া গ্যাসকূপ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।