ক্ষতিপূরণের দাবিতে টমেটো চাষিদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত টমেটোচাষিরা সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাঁরা এই দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল সোমবার মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।গোদাগাড়ী কৃষি উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে আড়াই হাজারের মতো কৃষক অংশ নেন। এ সময় অনেক কৃষক রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করে রাখেন।মানববন্ধন চলাকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী সেখানে উপস্থিত হন। তিনি কৃষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, গোদাগাড়ীর টমেটো চাষিরা তাঁদের ক্ষতিপূরণের দাবিতে আদালতে মামলা করেছেন। এর পাশাপাশি তাঁরা রাস্তায় যে আন্দোলন করছেন, তা অব্যাহত থাকবে।গোদাগাড়ী কৃষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোখলেসুর রহমান বলেন, যতক্ষণ সিনজেনটার কাছ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপযুক্ত ক্ষতিপূরণ না পাবেন, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় গোদাগাড়ীর স্থানীয় কৃষক অয়েজ উদ্দীন বিশ্বাস, সালাউদ্দীন, মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য দেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ীতে এবার প্রায় চার হাজার হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ জমিতে কৃষকেরা সিনজেনটার বীজ ব্যবহার করেছেন। কিন্তু তাঁদের জমিতে গাছ হলেও টমেটো ফলেনি। এ ব্যাপারে গত ২২ নভেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।