দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার কয়েক শ বাসিন্দা ক্ষতিপূরণের অবশিষ্ট ৭৮ কোটি টাকার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আগামী ১৭ জুনের মধ্যে এই টাকা পরিশোধ করা না হলে ১৮ জুন থেকে তিন দিনের অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয় তারা। এই সময়ের মধ্যেও দাবি মানা না হলে ২১ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল বেলা ১১টার দিকে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত আট গ্রামের কয়েক শ মানুষ বড়পুকুরিয়া বাজার থেকে মিছিল বের করে। মিছিলটি খনি এলাকা প্রদক্ষিণ শেষে দুপুর ১২টার দিকে খনির ১ নম্বর গেটের (প্রশাসনিক গেট) সামনে সমাবেশ করে। সমাবেশে বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, ভূগর্ভ থেকে কয়লা তোলার কারণে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ১১টি গ্রামের ৬০০ একরের বেশি জমি দেবে গেছে। বহু ঘরবাড়ি, মসজিদ-মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফাটল ধরেছে। খনি এলাকার অধিকাংশ ঘরবাড়ি বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ১ মে রাতে বড়পুকুরিয়া বাজারে বৃষ্টির সময় দেয়াল ধসে রোজিনা নামের এক গৃহবধূর মৃত্যুসহ ১৫-২০ জন আহত হয়। অবকাঠামোর ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এই এলাকা ছেড়ে অন্যত্র যেতে পারছে না।