ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় প্রস্তাবিত কালনা সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার কালনা ঘাটে কয়েক শ মানুষ ওই কর্মসূচি পালন করে।
কালনা সেতু হলে নড়াইলের লোহাগড়ার সঙ্গে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এ সেতু দিয়ে যশোর ও আশপাশের জেলার যানবাহন সহজে ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচল করতে পারবে। সম্প্রতি সড়ক ও জনপথের (সওজ) এ প্রকল্প চূড়ান্ত অনুমোদিত হয়েছে।
গতকাল মানববন্ধন চলাকালে প্রায় এক ঘণ্টা এই ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকে। এলাকার কয়েকজন জানান, ১৯৬০ সালের দিকে নদীভাঙনে অনেকে জমিজমা হারান। আবার চর জাগলে ১৯৬৭ সালের পর থেকে লোকবসতি শুরু হয়। এখন শতাধিক পরিবার সেখানে বসবাস করে। এ ছাড়া রয়েছে ফসলি জমি।
স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যদের দাবি, সিএস ও এসএ রেকর্ড অনুযায়ী এসব সম্পত্তি ব্যক্তিমালিকানাধীন ছিল। কিন্তু ২০০৪ সালের জরিপে এসব সম্পত্তিকে সরকারি দেখিয়ে ১ নম্বর খাসখতিয়ানভুক্ত করা হয়। সে অনুযায়ী, ওই সব জমির মালিকেরা অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন।
এসব সম্পত্তি খাসখতিয়ান থেকে অবমুক্ত করে ন্যায্য সাহায্য পাওয়ার দাবি জানান ক্ষতিগ্রস্তরা ব্যক্তিরা।
দৃষ্টিপ্রতিবন্ধী সিরাজ মোল্লা (৬০) জানান, ২৫ শতাংশ জমিতে দুটি টিনের ঘর তৈরি করে প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছেন তিনি। এটুকুই তাঁর সম্বল। এর ক্ষতিপূরণ না পেলে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। সুমী খানমও বলেন, ‘৫৮ শতাংশ জমিতে বাড়িঘর। এ জমির ওপরই চলে সংসার। এর ক্ষতিপূরণ না পেলে পথে বসতে হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর খন্দকার ও শেখ হেমায়েত হোসেন প্রমুখ। বক্তারা কালনা সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জমি অধিগ্রহণের ক্ষেত্রে দখলভিত্তিতে ক্ষতিপূরণের দাবি জানান।
এ বিষয়ে গোপালগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, জমি অধিগ্রহণের বিষয়টি জেলা প্রশাসনের ব্যাপার।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা খাসখতিয়ানভুক্ত জমির ক্ষতিপূরণ দিতে পারি না। আদালতের আদেশে এটি সম্ভব।’