সাভারে রানা প্লাজায় গার্মেন্টস ফ্যাক্টরিতে দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও নিউইয়র্কে বিক্ষোভ করেছেন ইউনাইটেড স্টুডেন্টস অ্যাগেইনস্ট সোয়েটশপস এবং একাধিক শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
গত বৃহস্পতিবার নিউ জার্সির সিককাস-এ চিলড্রেন’স প্লেস নামক বিখ্যাত তৈরি কাপড় বিক্রেতার অফিসের সামনে বিক্ষোভের সময় স্থানীয় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে রানা প্লাজায় আহত বাংলাদেশের মহিনুর বেগমও ছিলেন। পরদিন শুক্রবার নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ারের ছাত্র ও শ্রমিকদের এক স্বতঃস্ফূর্ত জমায়েতে ওই গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয় এবং চিলড্রেন’স প্লেসকে অনতিবিলম্বে রানা প্লাজায় হতাহত শ্রমিকদের পূর্ণ ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
২০১২ সালের মার্চ মাসে রানা প্লাজা ধসে ১ হাজার ১০০-এর বেশি শ্রমিক নিহত হন। হতাহতের সংখ্যা আড়াই হাজারেরও বেশি। শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশের এবং বিভিন্ন আন্তর্জাতিক শ্রমিক ও ছাত্রসংগঠনের চাপের মুখে যুক্তরাষ্ট্র ও কানাডার আমদানিকারকেরা ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ নামে একটি প্রকল্পের অধীনে একটি তহবিল গঠনের কথা ঘোষণা করে। তিন কোটি ডলারের এই প্রস্তাবিত তহবিলে চিলড্রেন’স প্লেস এ পর্যন্ত দিয়েছে মাত্র পাঁচ লাখ ডলার। তহবিলে বর্তমান ঘাটতির পরিমাণ প্রায় ৮০ লাখ ডলার।
রানা প্লাজার ধ্বংসস্তূপে চিলড্রেন’স প্লেস নামসংবলিত কাপড় পাওয়া গিয়েছিল। সে কারণে আরও অর্থ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সিককাসে চিলড্রেন’স প্লেসের সদর দপ্তরের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাঁরা ভবনের ভেতরে দোতলা পর্যন্ত উঠে এসে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে এবং মহিনুর বেগমসহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। আদালতে হাজিরা দেওয়ার সমন জারির পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পরদিন শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত বিক্ষোভে নিউ জার্সিতে পুলিশের হস্তক্ষেপের নিন্দা করা হয় এবং চিলড্রেন’স প্লেসসহ সব বিদেশি আমদানিকারককে দ্রুত পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। বাংলাদেশের শ্রমিকনেত্রী কল্পনা আখতার এ সমাবেশে ভাষণ দেন।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, চিলড্রেন’স প্লেস এ পর্যন্ত যে অর্থ দিয়েছে, তা সম-আকারের অন্যান্য আমদানিকারকদের তুলনায় ১৫ ভাগ কম। আরও বলা হয়, তহবিলে ৮০ লাখ ডলার ঘাটতি আছে, তা চিলড্রেন’স প্লেস কোম্পানির প্রধান নির্বাহী জেইন এলফারসের ২০১২ সালের বেতনের অর্ধেক মাত্র।