আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে ক্যাম্পেইন বা প্রচার কার্যক্রমে অংশ নিতে ওই কারখানার শ্রমিক সুমি আবেদিন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।আমেরিকার শ্রমিক সংঘগুলোর জোট চার্জ টু উইন ও মেকিং চেঞ্জ অ্যাট ওয়াল-মার্ট বাংলাদেশের তাজরীন ফ্যাশনসের হতাহত শ্রমিকদের জন্য পাঁচ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে। তারা ওয়াল-মার্ট স্টোরস ও ওয়াল্ট ডিজনি কোম্পানিসহ বাংলাদেশি পোশাকপণ্যের যেসব ক্রেতা প্রতিষ্ঠানের পোশাকপণ্য তৈরির সময়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাদের প্রধান কার্যালয়ের সামনে ও বাসভবনে গিয়ে ক্ষতিপূরণ চাইবে। এই কর্মসূচি চলবে সেই দেশের ১০টি শহরে। গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। ২৪ বছরের সুমি আবেদিন তখন পাঁচতলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে গত রোববার প্রতিবেদন ছেপেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য পোশাক প্রস্তুতকারী কারখানাগুলোতে বিদ্যমান কর্মপরিবেশের দুরবস্থা ভালো করার দাবিতে শ্রমিক সংঘগুলো প্রচার-প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নিয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রার প্রাক্কালে ঢাকায় ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে সুমি আবেদিন বলেন, ‘আমি ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান এবং পোশাক কারখানায় নিরাপত্তাব্যবস্থা উন্নয়নের কথা বলতে আমেরিকায় যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘পোশাক-পরিচ্ছদ তৈরির সময় কারোরই মৃত্যু হওয়া উচিত নয়।’এদিকে তাজরীন ফ্যাশনসের হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে ওয়াল-মার্টের একজন মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করতে অসম্মতি জানিয়েছেন।