ক্ষতিপূরণের দাবিতে রংপুরে চাষিদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মাওলানা বশির হিমাগারে রাখা আলু পচে যাওয়ায় ক্ষতিপূরণ ও হিমাগার-মালিককে গ্রেপ্তারের দাবিতে চাষিরা গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রেস ক্লাব এলাকা থেকে আলুচাষিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখেন। এরপর শহরের বাচারি বাজারের ট্রাফিক মোড়ে তাঁরা সমাবেশ করেন। সমাবেশ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের জন্য ক্ষতিপূরণ আদায়ে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। তা না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও হিমাগার কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। মাওলানা বশির হিমাগারে রাখা চাষিদের ৬৫ হাজার বস্তা আলু পচে যায় গত মাসের শেষ দিকে। এরপর হিমাগার কর্তৃপক্ষ পালিয়ে যায়। চাষিরা অভিযোগ করেন, হিমাগারের মালিক রাতের বেলায় ২০ থেকে ২৫ হাজার বস্তা আলু বিক্রি করে হিমাগারের গ্যাস পাইপ খুলে দিয়ে আলুর পচন ধরিয়েছেন।